স্মরণের আবরণে আবদুল অদুদ চৌধুরী

মো. গিয়াস উদ্দীন চৌধুরী | মঙ্গলবার , ২৪ নভেম্বর, ২০২৬ at ৭:২৮ পূর্বাহ্ণ

উত্তর চট্টগ্রামের দানশীল কর্মকাণ্ডের এক কীর্তিমান পুরুষ, একটি জনপদের পরিবর্তনের ধারক, যার নাম উল্লেখ না করলে নয়, তিনি সৈয়দ আবদুল অদুদ চৌধুরী, জন্ম ১৯০৭, মৃত্যু ১৯৭১ সালের ২৪ নভেম্বর। তাঁর স্বল্পকালীন জীবনচক্রের যে বিন্যাস, তাঁকে অনেকে অনেকভাবে আলোচনা করেছেন, আসলে আমরা ইতিহাস বিশ্লেষণ করলে দেখি এই জীবনচক্রে কেউ ভোগ করে আর কেউ উপভোগ করে। আমরা চৌধুরীকে একজন উপভোগকারী হিসেবে চিহ্নিত করতে পারি। কেননা তিনি সভ্যতাকে বিনির্মাণের জন্য যে উপকরণগুলো দরকার, তা তৈরি করেছেন মনপ্রাণ উজাড় করে। তাঁর হাতে প্রতিষ্ঠিত বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম জন্মস্থান রাউজানে (ফতেনগর নোয়াজিশপুর অদুদিয়া উচ্চ বিদ্যালয়, ফতেনগর প্রাথমিক বিদ্যালয়, অদুদিয়া ফাজিল মাদ্রাসা), হাটহাজারী অদুদিয়া মাদ্রাসা, চন্দ্রঘোনা অদুদিয়া মাদ্রাসা, রাঙামাটি, কাপ্তাই, কক্সবাজার ফোরকানিয়া মাদ্রাসা প্রতিষ্ঠায় দ্বীনি শিক্ষা প্রসারে ভূমিকা রাখেন। এছাড়াও রাউজান–ফটিকছড়ির জনপদের অন্যতম মাধ্যম তকিরহাট–ফটিকছড়ির সড়ক, ০৮টি বড় বড় সেতু সম্বলিত চার কিলোমিটার রাস্তা নিজ অর্থায়নে প্রতিষ্ঠার মাধ্যমে সৈয়দ আবদুল অদুদ চৌধুরীর পরিশীলনশীল চিন্তাগুলোকে তাঁর ৫৫তম মৃত্যুবার্ষিকীর এই দিনে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। তবে স্মরণের আবরণে একটি প্রশ্ন আজও জাগে এই এলাকার সাধারণ মানুষের কাছে, আমরা কি তাঁর চিন্তা ও আদর্শ যথাযথভাবে পৌঁছে দিতে পেরেছি? উত্তরে বলতে হয়, তাঁর প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক অগ্রগতি ঘটেছে এবং তাঁর পথ অনুসরণ করে অনেক প্রাণসঞ্চারী অগ্রগামী ব্যক্তি সমাজে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। কিন্তু তবুও চৌধুরীর স্বল্পজীবনের মহৎ স্বপ্নকে ধারণ ও লালন করতে সক্ষম মানুষের ঘাটতি এখনও প্রবল।

এই অভাব লাঘব করতে হলে সাধারণ জনগণের অভাব–বেদনা দূরীকরণে চিন্তাশীল কর্মকাণ্ডের বিস্তৃতি ঘটানো এখন সময়ের দাবি। উল্লেখ্য যে, এলাকার ইতিহাসের স্মারকের পদচিহ্ন বারো ভূঁইয়ার এক ভূঁইয়া ‘ঈসা খাঁর দিঘি’ এলাকার ঘুরে দাঁড়ানোর মূলমন্ত্র হিসেবে বিবেচিত হতে পারে। আমার জানা মতে, অত্র এলাকার ভূমিপুত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রাক্তন অধ্যাপক ড. আবুল কাসেমের হাত ধরে ‘ঈসা খাঁর দিঘি স্বনির্ভর পরিষদ’ গঠিত হয়েছিল। এখন সময়ের প্রয়োজনে মুক্ত সমবায় চিন্তাধারায় আবারও সেই উদ্যোগকে যুক্ত করা যেতে পারে।

আসলে নোয়াজিশপুরে তিনটি ওয়ার্ডে অবস্থান করছে সমূহ সম্ভাবনার নবদিগন্ত। এক নম্বর ওয়ার্ডে প্রত্নতাত্ত্বিক নিদর্শন ‘ঈসা খাঁর দিঘি’র অবস্থান, পাশাপাশি উত্তর ফতেনগরে ‘মিনা আকবরের দিঘি’, পশ্চিমে ‘নদিমপুরের দিঘি’কে এলাকার যুবসমাজের জীবনমান পরিবর্তনের হাতিয়ার হিসেবে নিয়ে কৃষিকাজ, মৎস্যচাষ, ফলমূলাদি উৎপাদনসহ বিভিন্ন এগ্রো–প্রকল্প গড়ে তোলা সম্ভব। এসব বহুমুখী উন্নয়নমূলক উদ্যোগ কর্মসংস্থানের নতুন দ্বার উন্মোচন করবে এবং বেকার যুবকদের জন্য একটি স্থায়ী ও নির্ভরযোগ্য কর্মসংস্থানের আধার হিসেবে ভূমিকা রাখতে পারে।

এলাকার দানশীল ব্যক্তিদের যাকাত ফান্ডের কার্যক্রমকে সমন্বিত করে করজে হাসানায় রূপান্তর, যা ক্ষুদ্র ক্ষুদ্র প্রকল্প তৈরি করে যুবক ও মহিলাদের আত্মকর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ গ্রহণ, যার মধ্যে অন্যতম সেলাইশিল্প এবং নারীদের মধ্যে হস্তশিল্প/হাতে তৈরি পণ্য বিক্রির মতো আরেকটি কর্মসংস্থান ছড়িয়ে দেওয়া। এলাকার স্বাস্থ্য কাঠামোকে আরও মজবুত করার তাগিদে দিঘি নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রের কাঠামোগত উন্নয়নের স্বপ্নের পরিস্ফুটন ঘটাতে এলাকার কীর্তিমান চিকিৎসকদের পরিচিতি ও তাঁদের মাধ্যমে সাপ্তাহিক চিকিৎসার ব্যবস্থা গ্রহণ এবং তাঁদের সাথে এলাকার জনসম্পৃক্ততা সৃষ্টি সাধারণ জনগণ উপকৃত হবে ও চিকিৎসাব্যবস্থার বড় পরিবর্তন আনবে। এরই মধ্য দিয়ে অদুদ চৌধুরীর স্বপ্নসমৃদ্ধ নোয়াজিশপুর সম্ভব। এই সম্ভাবনার স্বপ্নের সারথি তারা, যারা এলাকার নতুন চেতনার স্বপ্ন দেখায়। তাদের প্রতি আহ্বান, আসুন, নিজের সমৃদ্ধির পাশাপাশি সর্বজনীন এলাকার সাধারণ মানুষকে নিয়ে ভাবি এবং ভাবাই।

লেখক: অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ও সহকারী অধ্যাপক, দর্শন বিভাগ, উত্তর সাতকানিয়া জাফর আহমদ চৌধুরী কলেজ

পূর্ববর্তী নিবন্ধপ্রতিশোধ নয়, ক্ষমাই হোক আপনার শক্তি