কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ির রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় সিএনজি টেক্সি দুর্ঘটনায় আহত সাজ্জাদ হোসেন রুবেলের স্ত্রী তানিয়া সুলতানা মারা গেছেন। চট্টগ্রামে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকাল ৭টার দিকে তার মৃত্যু হয়। তানিয়ার মৃত্যুর মধ্য দিয়ে মর্মান্তিক এ দুর্ঘটনায় একই পরিবারের পাঁচজনের মৃত্যু হলো।
গত শুক্রবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে দক্ষিণ মিঠাছড়ির কাটিরমাথা রেলক্রসিংয়ে ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সিএনজি টেক্সি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থল ও হাসপাতালে নেওয়ার পর একই পরিবারের চার সদস্যের মৃত্যু হয়।
নিহতরা হলেন, দক্ষিণ মিঠাছড়ির চেইন্দা কাইম্যারঘোনা এলাকার সাজ্জাদ হোসেন রুবেল, তার বোন কাশিফা জান্নাত, তিন বছর বয়সী শিশু সাহিল এবং পাঁচ মাস বয়সী মাশরুফা। দুর্ঘটনার সময় পরিবারের সদস্যরা রামুর উমখালী এলাকায় এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। পথে রেলক্রসিং পার হওয়ার সময় তাদের বহনকারী টেক্সিটিকে ট্রেন ধাক্কা দেয়। এতে টেক্সিটি দুমড়েমুচড়ে গিয়ে হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় সাজ্জাদের স্ত্রী তানিয়া সুলতানাসহ আরও কয়েকজন আহত হন। গুরুতর আহত তানিয়াকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে নেওয়া হয়েছিল। কয়েক দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত তিনিও চলে গেলেন না–ফেরার দেশে।











