১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে ফিরতে চান হাসিনা, সরকার বলছে, আসতে হবে হাতকড়া পরে

আনাছুল হক, কলকাতা থেকে | মঙ্গলবার , ২৪ নভেম্বর, ২০২৬ at ২:০৮ অপরাহ্ণ

ভারতে দুই বছরেরও বেশি সময় ধরে অবস্থানের পর আগামী ১৬ ডিসেম্বর, বাংলাদেশের মহান বিজয় দিবসে দেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছেন ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ জন্য বাংলাদেশের রাষ্ট্রীয় উড়োজাহাজ বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করার কথাও বলেছেন তিনি।

আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সকে তাঁর মুখপাত্র এই তথ্য জানিয়েছেন। ২০২৪ সালের আগস্টে দেশ ছাড়ার পর এই প্রথম তাঁর পক্ষ থেকে দেশে ফেরার সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা হলো। এই ঘোষণার পর প্রতিক্রিয়ায় বাংলাদেশ সরকার জানিয়েছে, তাঁকে ফিরতে হলে প্রত্যর্পণের মধ্য দিয়েই ফিরতে হবে। সরকারের ভাষ্য, এ নিয়ে আলোচনা হবে ভারতের সঙ্গে, শেখ হাসিনার সঙ্গে নয়।

বিমানের উড়োজাহাজ চেয়ে আহ্বান
রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্স’-এর একটি উড়োজাহাজের ব্যবস্থা করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা। এর আগে চলতি মাসের শুরুতে তিনি নতুন পাসপোর্ট ও অন্যান্য প্রয়োজনীয় নথিপত্রের জন্যও আবেদন করেছিলেন।

শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী এক বিবৃতিতে রয়টার্সকে বলেন, “২০২৪ সালের ৫ আগস্ট যেহেতু শেখ হাসিনাকে বাংলাদেশের একটি উড়োজাহাজে করে ভারতে নিয়ে আসা হয়েছিল, তাই এখন তিনি দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য সরকারের কাছে বিমান পরিবহনের ব্যবস্থা করার আহ্বান জানাচ্ছেন।”
বিবৃতিতে আরও বলা হয়, “সংবিধান পরিপন্থী পরিস্থিতিতে তাঁকে নির্বাসনে পাঠানো হয়েছিল; তাই আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশে তাঁর প্রত্যাবর্তন সম্ভব করা এখন সরকারের দায়িত্ব।”

সরকারের প্রতিক্রিয়া
মঙ্গলবার ঢাকায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেন, দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়। তাঁর ভাষ্য, প্রত্যর্পণ ছাড়া শেখ হাসিনাকে ফিরতে দেওয়া হবে না; তিনি সাধারণ যাত্রী নন, তাঁকে হাতকড়া পরিয়ে বা কঠোর নজরদারির মধ্যেই ফেরানো সম্ভব।

একই দিন সচিবালয়ে সরকারের কর্মকাণ্ড নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে তাঁর সঙ্গে সরকারের কোনো আলোচনা নেই। হস্তান্তর নিয়ে আলোচনা হবে ভারতের সঙ্গে। শেখ হাসিনা ফিরতে চান, আর বাংলাদেশ চায় তাঁর প্রত্যর্পণ; এই দুই বিষয় মিলে যাওয়ায় প্রত্যর্পণে কোনো আইনি বাধা নেই বলে মন্তব্য করেন তিনি।

শেখ হাসিনাকে দণ্ডপ্রাপ্ত ও মারাত্মক অপরাধী আখ্যা দিয়ে উপদেষ্টা বলেন, তিনি আসবেন কি না, কোন বিমানে আসবেন এবং কীভাবে হস্তান্তর হবে, এসব আলোচনা হবে ভারতের সঙ্গে। সংবাদ সম্মেলনে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদও উপস্থিত ছিলেন।

এর আগে গত রোববার বাংলাদেশের একজন মন্ত্রী রয়টার্সকে জানিয়েছিলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা দেশে ফিরলে আইনি প্রক্রিয়ায় তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। তাঁকে ফিরিয়ে আনতে উড়োজাহাজ পাঠানোর বিষয়ে ভারতের সঙ্গে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলেও ওই মন্ত্রী জানান।

উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০২৫ সালের নভেম্বরে শেখ হাসিনাকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে নিপীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় এই রায় হয়। তিনি অভিযোগ অস্বীকার করে আসছেন। জাতিসংঘ বলেছে, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে সরকারের দমন-নিপীড়নের শিকার হয়ে ১ হাজার ৪০০ জন নিহত হয়েছেন।

রয়টার্স জানিয়েছে, দেশে শেখ হাসিনার দলের কার্যক্রম নিষিদ্ধ। নতুন পাসপোর্ট ও নথি চাওয়ার পর থেকে সহিংসতা বেড়েছে। তাঁর ফেরার এই ঘোষণা রাজনৈতিক ও আইনি উত্তেজনা বাড়াতে পারে বলে প্রতিবেদনে আশঙ্কা করা হয়েছে।

ট্যাগ:
স্লাগ:

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের স্মরণসভা