আকবরশাহে ফেন্সিডিল উদ্ধার মামলায় দুইজনের যাবজ্জীবন

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৬ জুলাই, ২০২৬ at ১০:৪৬ পূর্বাহ্ণ

নগরীর আকবরশাহ এলাকা থেকে ১ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধারের মামলায় ২ ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাদেরকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হলেনকুমিল্লা জেলার লাকসাম এলাকার মো. হারুন ও নাঙ্গলকোট এলাকার মো. নাসির উদ্দিন।

গতকাল চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. তাজউল ইসলাম এ রায় ঘোষণা করেন। এসময় দণ্ডপ্রাপ্ত দুই আসামি কাঠগড়ায় হাজির ছিলেন। পরে তাদের সাজা পরোয়ানা মূলে কারাগারে পাঠানো হয়। আদালতের বেঞ্চ সহকারী এস এম কাওসার সাগর দৈনিক আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ২০১৮ সালের ১৩ আগস্ট ভোরে গোপন সংবাদের ভিত্তিতে আকবরশাহ থানাধীন সিটি গেট এলাকায় ঢাকাচট্টগ্রাম মহাসড়কের সাহারা হোটেলের সামনে অভিযান চালায় নগর গোয়েন্দা পুলিশ। এ সময় চট্টগ্রামমুখী একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে চালকের আসনের পেছনে বিশেষ কৌশলে রাখা ২৫টি প্লাস্টিকের বস্তা থেকে ১ হাজার বোতল নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার করা হয়।

একইসঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানটি জব্দ করার পাশাপাশি ড্রাইভার নাসির উদ্দিন ও তার সহকারী হারুনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে এ ঘটনায় আকবরশাহ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয় জানিয়ে তিনি বলেন, তদন্ত শেষে চার্জশিট দাখিল করা হলে বিচারক আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন। বিচার প্রক্রিয়ায় মোট ১০ জন সাক্ষীর সাক্ষ্য রেকর্ড হয় বলেও জানান বেঞ্চ সহকারী।

পূর্ববর্তী নিবন্ধফিশিং বোটসহ ১৯ জেলেকে উদ্ধার করল কোস্ট গার্ড
পরবর্তী নিবন্ধকাল কানু শাহ’র (রা.) ষান্মাসিক ওরশ