মাদ্রাসা ছাত্রকে নিপীড়নের অভিযোগ, একই মাদ্রাসার কিশোর গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১২ মে, ২০২৬ at ৭:৩৩ পূর্বাহ্ণ

নগরীর কোতোয়ালী থানা এলাকায় একটি মাদ্রাসার ১০ বছর বয়সী এক ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে ওই মাদ্রাসারই এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার অভিযুক্তকে গ্রেফতারের পাশাপাশি ভুক্তভোগী শিশুর মায়ের দায়ের করা এজাহারটি মামলা হিসেবে রুজু করা হয়েছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ১০ বছর বয়সী ভুক্তভোগী কোতোয়ালী থানাধীন খলিফাপট্টি এলাকার মারকাযুল কুরআন ওয়াচ্ছুন্নাহ মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র। মামলার আসামি ১৬ বছর বয়সী কিশোর ওই মাদ্রাসারই আবাসিক এলাকায় থাকতো।

এজাহারে উল্লেখ করা হয়, গত বছরের নভেম্বর মাস থেকে শুরু করে চলতি বছরের ১ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন সময়ে ভিকটিমকে ভয়ভীতি দেখিয়ে নিজের কক্ষে ডেকে নিত অভিযুক্ত। সেখানে শিশুটির ইচ্ছার বিরুদ্ধে তাকে একাধিকবার যৌন নির্যাতন করা হয়। ভয়ে ভুক্তভোগী শিশু এতদিন বিষয়টি গোপন রাখলেও সমপ্রতি ঘটনাটি জানাজানি হয়। এরপর ভিকটিমের মা বাদী হয়ে কোতোয়ালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগটি আমলে নিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী অধ্যাদেশ২০২৫) এর ৯() ধারায় একটি মামলা দায়ের করে। মামলা দায়েরের পর খলিফাপট্টি এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তকে তার বাসা থেকে গ্রেফতার করে পুলিশ।

কোতোয়ালী থানা পুলিশ জানায়, গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ঘটনার সত্যতা স্বীকার করেছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। ভুক্তভোগী শিশুটি বর্তমানে তার পরিবারের হেফাজতে রয়েছে এবং তাকে প্রয়োজনীয় আইনি ও মানসিক সহায়তা প্রদানের প্রক্রিয়া চলছে বলে থানা সূত্রে জানানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসকলকে পেনশনের আওতায় আনা বিশেষভাবে প্রয়োজন : অর্থ সচিব
পরবর্তী নিবন্ধশান্ত-মোমিনুলে এগিয়ে বাংলাদেশ