দেশের সকল নাগরিককে পেনশনের আওতায় আনার ওপর জোর দিয়েছেন অর্থ সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার। তার ভাষ্য, টেকসই সামাজিক নিরাপত্তা কাঠামো গড়ে তোলা এখন সময়ের দাবি। একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য দেশের সর্বস্তরের জনগণকে পেনশন কাঠামোতে অন্তর্ভুক্তিকরণ ‘বিশেষভাবে প্রয়োজন’।
গতকাল সোমবার অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শনিবার জাতীয় পেনশন কর্তৃপক্ষ কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘জাতীয় পেনশন কর্তৃপক্ষের সক্ষমতা ও সম্ভাবনা’ শীর্ষক কর্মশালা হয়; সেখানে এ বিষয়ে কথা বলেন অর্থ সচিব। তিনি আশা প্রকাশ করেন, ১৮ বছরের বেশি বয়সী জনগোষ্ঠীকে সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্ত করা গেলে সুসংগঠিত সামাজিক ও আর্থিক নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে। খবর বিডিনিউজের। এ বিষয়ে প্রচার কার্যক্রম জোরদার, সেমিনার ও ওয়ার্কশপ আয়োজনসহ সকল গোষ্ঠীকে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে সভা আয়োজনের জন্য জাতীয় পেনশন কর্তৃপক্ষকে নির্দেশনা দেন তিনি। এছাড়া কার্যকর যোগাযোগ কৌশল তৈরির প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি অর্থ বিভাগের সকল সহযোগিতার আশ্বাস দেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সর্বজনীন পেনশন স্কিম’ বাস্তবায়নের বিদ্যমান চ্যালেঞ্জগুলো চিহ্নিত করা এবং সেগুলো নিরসনের লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় বিভিন্ন স্কিম, সেগুলোর যৌক্তিকতা, বৈশিষ্ট্য, বিনিয়োগ ও নিবন্ধন তথ্য, চ্যালেঞ্জ, আগামী ২ মাসের কর্মপরিকল্পনা, বিধিমালা সংশোধনসহ সার্বিক বিষয় আলোচিত হয়।
শেষ বয়সে সব শ্রেণির মানুষের আর্থিক নিরাপত্তার জন্য ২০২৩ সালের অগাস্টে ঘটা করে সর্বজনীন পেনশন স্কিম চালু করে আওয়ামী লীগ সরকার। এর এক বছরের মাথায় শেখ হাসিনার ১৫ বছরের সরকারের পতন ঘটে। শুরুতে ‘প্রবাস’, ‘প্রগতি’, ‘সুরক্ষা’ ও ‘সমতা’ স্কিম চালু করা হয়েছিল। এরপর সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য ‘প্রত্যয়’ স্কিম চালু করতে গিয়ে ধাক্কা খায় কর্তৃপক্ষ। অংশীজনদের বিরোধিতার মুখে ওই প্যাকেজ চালু করা যায়নি। বর্তমান বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর জাতীয় পেনশন কর্তৃপক্ষ নতুনভাবে সাজানো হয়েছে। নির্বাহী চেয়ারম্যান করা হয়েছে মো. সুরাতুজ্জামানকে। একই সঙ্গে শেখ কামরুল হাসানকে সদস্য করা হয়েছে। গত শনিবার কর্মশালার মাধ্যমে তাদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হল। সুরাতুজ্জামানের সভাপতিত্বে অর্থ বিভাগের অতিরিক্ত সচিব দিলরুবা শাহীনা, যুগ্মসচিব মো. ফেরদৌস আলম, শরীফ নজরুল ইসলামসহ উর্ধ্বতন কর্মকর্তারা কর্মশালায় অংশ নেন। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পেনশন কর্তৃপক্ষের সদস্য শেখ কামরুল হাসান এবং মহাব্যবস্থাপক মো. আশরাফুজ্জামান।














