মব কালচার বন্ধে আইন সংস্কার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

| সোমবার , ১১ মে, ২০২৬ at ৬:৩২ পূর্বাহ্ণ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, মব কালচার বন্ধে বিদ্যমান আইন সংস্কার করা হবে। তিনি বলেন, মব কালচার পুরোপুরি বন্ধ করার লক্ষ্যে বিদ্যমান আইনকে সংশোধন ও সংযোজন করে যুগোপযোগী করা হবে।

রাজধানীর রাজারবাগ পুলিশ মিলনায়তনে পুলিশ সপ্তাহ২০২৬ উদযাপন উপলক্ষে গতকাল রোববার প্রধানমন্ত্রীর বিশেষ কল্যাণ সভায় তিনি এ কথা বলেন। এ সময় পুলিশ বাহিনীকে একটি জনকল্যাণমুখী ও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকারের আর্থিক সঙ্গতি ও সক্ষমতা বিবেচনায় তাদের যৌক্তিক দাবিসমূহ পূরণের আশ্বাসও দিয়েছেন তিনি। খবর বিডিনিউজের।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, আইজিপি মো. আলী হোসেন ফকির, অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস্‌) খন্দকার রফিকুল ইসলাম বক্তব্য রাখেন। পুলিশের পদোন্নতি নিয়ে মন্ত্রী বলেন, বর্তমানে অনেক পুলিশ কনস্টেবল ৪০ বছর চাকরি করে অবসর গ্রহণ করেও পরবর্তী পদোন্নতি পান না। সেজন্য বিশেষ নীতিমালা ও সন্তোষজনক চাকরির রেকর্ড বিবেচনায় অবসরকালীন কিছু সংখ্যক পুলিশ সদস্যকে কনস্টেবল থেকে অনারারি সহকারী উপপরিদর্শক (এএসআই) পদে, সহকারী উপপরিদর্শক (এএসআই) থেকে অনারারি উপপরিদর্শক (এসআই) পদে এবং উপপরিদর্শক (এসআই) থেকে অনারারি পরিদর্শক (ইন্সপেক্টর) পদে পদোন্নতি দেওয়া হবে।

পুলিশিং কার্যক্রমকে আরো গতিশীল ও কার্যকর করতে অতিরিক্ত কর্মঘণ্টায় দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের জন্য বিশেষ নীতিমালার ভিত্তিতে ওভারটাইম ভাতা প্রদানের কথা সরকার ভাবছে বলেও জানিয়েছেন তিনি। ওভারটাইমের কারণে মনোবল বৃদ্ধি ও সেবার মান উন্নয়নে সহায়ক হবে জানিয়ে তিনি বলেন, এক্ষেত্রে পুলিশের ইন্সপেক্টর থেকে নিম্নে কনস্টেবল পদ পর্যন্ত ওভারটাইম ভাতা বিবেচনা করা হতে পারে। বিগত দুই মাসে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে বলেও দাবি করেন মন্ত্রী।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে পর্যটকের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ৪
পরবর্তী নিবন্ধগুলিয়াখালী সৈকত থেকে ৩২ অবৈধ দোকান উচ্ছেদ