বিমানের জ্বালানির দাম লিটারে ৬ টাকা ৩২ পয়সা বাড়ল

| শুক্রবার , ৬ নভেম্বর, ২০২৬ at ৬:০৩ পূর্বাহ্ণ

দেশের অভ্যন্তরীণ রুটে চলাচলকারী উড়োজাহাজের জ্বালানি জেট এ–১ এর দাম প্রতি লিটারে ৬ টাকা ৩২ পয়সা বাড়িয়ে ১৮৯ টাকা ৩ পয়সা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। অক্টোবরে এই জ্বালানির দাম ছিল প্রতি লিটার ১৮২ টাকা ৭১ পয়সা। একই সঙ্গে আন্তর্জাতিক ফ্লাইটে দেশি ও বিদেশি এয়ারলাইন্সগুলোর জন্য জেট এ–১ এর নতুন দাম প্রতি লিটার ১ দশমিক ১৬৩৭ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।

বিইআরসি বলেছে, বৃহস্পতিবার রাত ১২টা থেকে নতুন দাম কার্যকর হবে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এই দাম বহাল থাকবে। বিইআরসি জানিয়েছে, অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য নির্ধারিত দামে শুল্ক ও মূল্য সংযোজন কর (মূসক) অন্তর্ভুক্ত রয়েছে। তবে আন্তর্জাতিক ফ্লাইটের জন্য নির্ধারিত দাম শুল্ক ও মূসকমুক্ত। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এবং কঙবাজার বিমানবন্দরে নতুন দাম প্রযোজ্য হবে। খবর বিডিনিউজের।

এছাড়া অভ্যন্তরীণ ফ্লাইটের ক্ষেত্রে যশোর বিমানবন্দরেও একই দাম কার্যকর হবে। ভবিষ্যতে চালু হওয়া বিমানবন্দরগুলোর ক্ষেত্রেও এই মূল্যহার প্রযোজ্য হবে। কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৫ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত আন্তর্জাতিক বাজারে জেট এ–১ জ্বালানির গড় দাম এবং জ্বালানি আমদানির ঋণপত্রের অর্থ পরিশোধে মার্কিন ডলারের বিনিময় হার বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য নির্ধারণে ব্যবহৃত প্ল্যাটস রেটের ভিত্তিতে এই হিসাব করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচবি হীরক জয়ন্তী সর্বজনীন ও শিক্ষার্থীবান্ধব করার দাবিতে শিবিরের স্মারকলিপি
পরবর্তী নিবন্ধজামালখানে নবরূপে নব অপটিক্‌স উদ্বোধন