মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর

| শুক্রবার , ৬ নভেম্বর, ২০২৬ at ৫:৪৪ পূর্বাহ্ণ

শিক্ষার্থীদের মানবিক, সামাজিক, নৈতিক ও পুঁথিগত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন ভূমি মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে অবকাঠামোগত উন্নয়ন করা হচ্ছে। তবে এসব বিনিয়োগের সুফল নিশ্চিত করতে শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব শিক্ষক ও অভিভাবকদের নিতে হবে। শুধু ভবন নির্মাণ করলেই শিক্ষার উদ্দেশ্য পূরণ হবে না। শিক্ষার্থীদের মানবিকতা, সামাজিক মূল্যবোধ, নৈতিকতা ও প্রাতিষ্ঠানিক শিক্ষায় সমান গুরুত্ব দিতে হবে। তিনি গত ৪ নভেম্বর হাটহাজারীর মির্জাপুর উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন, নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ফলক উন্মোচন এবং কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির ভার্চুয়াল বক্তব্যে এসব কথা বলেন।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আছিফ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আব্দুল আল মুমিন।

সভাপতির বক্তব্যে মোহাম্মদ আছিফ চৌধুরী বলেন, শিক্ষার মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে সরকারের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন, নতুন ভবন নির্মাণ এবং শিক্ষার্থীদের প্রয়োজনীয় সুযোগ–সুবিধা নিশ্চিত করার মাধ্যমে শিক্ষার পরিবেশ আরও উন্নত হচ্ছে।

বিশেষ অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আব্দুল আল মুমিন বলেন, শিক্ষার মানোন্নয়নে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধের চর্চা জরুরি। শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব।

সহকারী প্রধান শিক্ষক মো. আক্কাস উদ্দিন ও জাহেদুল আলম মাস্টারের যৌথ সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন মহিলা সমিতি স্কুল ও কলেজের অধ্যক্ষ আরিফুল হাসান চৌধুরী, মির্জাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মোস্তফা আলম মাসুম, চারিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি অধ্যাপক শেখ আহমেদ, বিদ্যালয়ের সদস্য লায়ন আনোয়ার হোসেন উজ্জ্বল, দাতা সদস্য সৈয়দ জাফর আলম ও আবুল কালাম মানিক, এএনএম নাছির উদ্দীন, প্রকৌশলী মো. ইসমাঈল, সুলতানুল আলম চৌধুরী, রহমত উল্লাহ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজুম্‌’আর খুতবা
পরবর্তী নিবন্ধআবুল হাসেম মাইজভান্ডারী