নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাকদের অংশগ্রহণে মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাং প্রতিরোধে সচেতনতামূলক সমাবেশ ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। গত ৪ নভেম্বর এই কর্মসূচির আয়োজন করে নোয়াপাড়া উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদ।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ শফির সভাপতিত্বে অনুষ্ঠিত র্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথি ছিলেন নোয়াপাড়া ডিগ্রি কলেজ গভর্নিং বডির সভাপতি প্রফেসর মোহাম্মদ খোরশেদ আলম।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জানে আলমের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন গহিরা ডিগ্রি কলেজ গভর্নিং বডির সভাপতি এম এ হালিম, রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম, নোয়াপাড়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ এসকান্দর, বিএনপি নেতা শরাফত আলী, পশ্চিম গুজরা উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ নাছির উদ্দিন, ইয়ার মোহাম্মদ, আক্তার মালেক, আনোয়ার পাশা ও শওকত আলী।
বক্তারা বলেন, মাদকাসক্তি, ইভটিজিং, সামাজিক সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের বিস্তার তরুণ প্রজন্মের ভবিষ্যৎ এবং সামাজিক নিরাপত্তার জন্য বড় হুমকি। এসব সামাজিক ব্যাধি প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর করলে চলবে না; পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, অভিভাবক ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে।











