পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক

একগুচ্ছ সুপারিশ

খাগড়াছড়ি প্রতিনিধি | শুক্রবার , ৬ নভেম্বর, ২০২৬ at ৫:৫৫ পূর্বাহ্ণ

পার্বত্য চট্টগ্রামে প্রত্যাগত শরণার্থী ও গুচ্ছগ্রামে বসবাসরত অ–উপজাতীয়দের মধ্যে রেশন কার্ড বিতরণে অনিয়ম দূর করে প্রকৃত উপকারভোগীদের কার্ড দেওয়ার সুপারিশ করেছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

গতকাল (৫ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি ও খাগড়াছড়ির সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ভূঁঞার সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও কমিটির সদস্য সাচিং প্রু, সংসদ সদস্য মোস্তফা কামাল পাশা, দীপেন দেওয়ান, শাহজাহান চৌধুরী, মোহাম্মদ জহিরুল ইসলাম ও মাছুম মোস্তফা অংশ নেন।

বৃহস্পতিবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন জাতীয় সংসদ সচিবালয়ের উপপরিচালক (গণসংযোগ) মো. সাব্বির মাহমুদ। বৈঠকে মন্ত্রণালয় ও এর অধীন বিভিন্ন দপ্তরের শূন্য পদ পূরণে নেওয়া পদক্ষেপের বিস্তারিত তথ্য পরবর্তী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করা হয়। একই সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকার ও অন্তর্বর্তী সরকারের সময়ে মন্ত্রণালয় এবং এর অধীন দপ্তরগুলোতে কোনো অনিয়ম বা দুর্নীতি হয়ে থাকলে তার বিবরণ ও এ বিষয়ে নেওয়া পদক্ষেপের তথ্যও চাওয়া হয়েছে। সাজেক পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের বিষয়ে মন্ত্রণালয় কী কী পদক্ষেপ নিয়েছে, তা পরবর্তী বৈঠকে কমিটিকে অবহিত করার সুপারিশ করা হয়। এ ছাড়া পার্বত্য চট্টগ্রাম এলাকায় টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পে কর্মরত পাড়াকর্মীদের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে কমানো সম্মানী ভাতা সম্মানজনক হারে বাড়ানোর সুপারিশ করেছে কমিটি। বৈঠকে আগামী ডিসেম্বর মাসে তিন পার্বত্য জেলা পরিষদ, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সঙ্গে বৈঠক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো পরিদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধপুলিশ-প্রশাসনের সমন্বয়ে জননিরাপত্তা নিশ্চিত করা সম্ভব : সিএমপি কমিশনার
পরবর্তী নিবন্ধখরাদাহ: খরা, শোষণ ও মানুষের নির্মম বাস্তবতা