ভুটানকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপে শুভসূচনা করেছে বাংলাদেশ। গতকাল বৃহস্পতিবার জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের খেলায় ১–০ গোলের জয়ে শুরু করেছে ২০০৩ সালের শিরোপা জেতা বাংলাদেশ। খেলার ৬৫তম মিনিটে ম্যাচের ভাগ্য গড়ে দেন বদলি খেলোয়াড় মোহাম্মদ ইব্রাহিম। এই জয়ে সাফের আঙিনায় আট ম্যাচে ভুটানের বিপক্ষে সপ্তম জয় পেল বাংলাদেশ, অন্যটি ম্যাচটি ড্র হয়েছে। এই জয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের বাড়তি আত্মবিশ্বাসও সঞ্চয় করে নিল লাল সবুজের দল।
বাংলাদেশের সেরা একাদশে ছিলেন না নতুন অধিনায়ক তপু বর্মন। অসুস্থ অনুভব করায় তাকে বাইরে রাখেন কোচ। তবে, চেনা মাঠে, চেনা দর্শকের সামনে জামাল–বিশ্বনাথদের শুরুটা হয় আত্মবিশ্বাসী। অষ্টম মিনিটে জামাল ভূঁইয়ার কর্নার এক ডিফেন্ডার ক্লিয়ার করার পর, বক্সের বাইরে পেয়ে যান ফয়সাল আহমেদ ফাহিম। তার প্রথম শট ব্লকড হওয়ার পর, ফিরতি শট ঝাঁপিয়ে আটকান গোলকিপার গাইয়েলতশেন জাংপো। একটু পর বলের নিয়ন্ত্রণ নেওয়ার লড়াইয়ে সাদ উদ্দিনের হাঁটু গিয়ে লাগে তিসেরাং ওয়াংচুকের পিঠের উপরের দিকে। ব্যথায় কাঁতরাতে কাঁতরাতে মাঠে শুয়ে পড়েন তিনি। তাতে খেলা বন্ধ থাকে কিছুক্ষণ। মাঠের বাইরে চিকিৎসা নিতে দেখা যায় এই ফরোয়ার্ডকে। মেডিকেল স্টাফদের কাঁধে ভর দিয়ে মাঠ ছাড়ার বেশ কিছুক্ষণ পর অ্যাম্বুলেন্সে স্টেডিয়াম ছাড়েন ওয়াংচুক।
দ্বাদশ মিনিটে শমিত সোমের হেড গোলকিপারের গ্লাভস গলে বেরিয়ে যাওয়ার পর, বিশ্বনাথ বলের নাগাল পেতে ছুটছিলেন। দারুণ ক্ষিপ্রতায় তার ওপর দিয়ে লাফিয়ে বল গ্লাভসে জমান জাংপো। একটু পর বিশ্বনাথের হেড বাইরে যায়। ২৫তম মিনিটে শমিতের শট কর্নার করে দেন গোলকিপার। সেই কর্নারে বঙে জটলার ভেতর থেকে বিশ্বনাথের ভলি বেরিয়ে যায় দূরের পোস্ট দিয়ে। ৩৮তম মিনিটে সতীর্থের পাস ধরে বিশ্বনাথের শট যায় পোস্টের বাইরে।
একটি পরিবর্তন এনে দ্বিতীয়ার্ধ শুরু করে বাংলাদেশ। ফাহিমকে তুলে ফাহামিদুল ইসলামকে নামান ডুলি। এ অর্ধে পাল্টা আক্রমণে জোর দেয় ভুটান। তবে রক্ষণের দৃঢ়তায় তাদের আটকে রাখতে পারে বাংলাদেশ। ৬৩তম মিনিটে জামাল ও বিশ্বনাথকে তুলে মোহাম্মদ ইব্রাহিম ও সোহেল রানা জুনিয়রকে নামান কোচ। একটু পর একক প্রচেষ্টায় বাম দিক দিয়ে আক্রমণে উঠে বঙের একটু বাইরে থেকে ফাহামিদুলের শট দূরের পোস্টের বাইরে যায়।
মিইয়ে যাওয়া গ্যালারিতে প্রাণ ফিরে আসে ৬৫তম মিনিটে। সতীর্থের লং ক্রসে বঙে শমিতের হেডে বল এক ডিফেন্ডারের পায়ে লেগে চলে যায় ইব্রাহিমের কাছে। নিখুঁত ভলিতে লক্ষ্যভেদ করেই এই ফরোয়ার্ড ছোটেন গ্যালারির দিকে। এগিয়ে যাওয়ার পর ব্যবধান বাড়াতে আরও আক্রমণ চালায় বাংলাদেশ। তবে শেষ দিকে ফিনিশিংয়ের ব্যর্থতায় আর গোল পাওয়া হয়নি। আগামী ১১ নভেম্বর, রোববার একই ভেন্যুতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।










