প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনা জেলা স্টেডিয়াম থেকে গতকাল ৫ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে প্রধান অতিথি হিসেবে দেশের ৬৪ জেলার সাথে ভার্চুয়ালি যুক্ত হয়ে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন–২) এর উদ্বোধন করেন। পরবর্তীতে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চট্টগ্রাম প্রান্তে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন–২) এর উদ্বোধন করেন ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি। মোট ১০টি ইভেন্ট নিয়ে নতুন কুঁড়ি স্পোর্টস সিজেন–২ অনুষ্ঠিত হবে। জেলা, বিভাগ ও জাতীয় পর্যায় শেষে আগামী জুন মাসে এ স্পোর্টস সম্পন্ন হবে। নতুন কুঁড়ি স্পোর্টসের মূল প্রতিপাদ্য বিষয় ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’। চট্টগ্রাম প্রান্তে জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে অনুষ্ঠিত স্পোর্টসের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম–১০ আসনের সংসদ সদস্য (এমপি) সাঈদ আল নোমান, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, পুলিশের চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মো. আবদুল কুদ্দুছ চৌধুরী, সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী ও বিসিবি পরিচালক ইস্রাফিল খসরু। এসময় অতিথিবৃন্দ খেলোয়াড়দের সাথে পরিচিত হন। পরে কোতোয়ালী ও চকবাজার শিক্ষা থানার শিক্ষার্থী খেলোয়াড়দের ফুটবল খেলার মাধ্যমে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টসের শুভ সূচনা হয়। চট্টগ্রাম বিভাগীয় ও জেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তাগণ, সিজেকেএস’র কর্মকর্তাবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, খেলোয়াড়বৃন্দ ও বিভিন্ন স্কুলের শিক্ষক–শিক্ষার্থীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।












