বন্যাদুর্গত মানুষের দুর্ভোগ লাঘব এবং সরকারের চলমান ত্রাণ কার্যক্রমকে সহায়তা করার লক্ষ্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা)-এর উদ্যোগে, কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় পেট্রোবাংলার অধীনস্থ কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল), গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল), রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড (আরপিজিসিএল) এবং বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)-এর যৌথ অর্থায়নে দুই হাজার খাদ্যসামগ্রী প্যাকেট প্রস্তুত করা হয়েছে। প্রতিটি খাদ্যসামগ্রী প্যাকেটে চাল, ডাল, চিড়া, আলু, লবণসহ প্রায় ১৫টি নিত্যপ্রয়োজনীয় পণ্য অন্তর্ভুক্ত রয়েছে, যা প্রায় ২,০০০ বন্যাকবলিত পরিবারের মধ্যে বিতরণ করা হবে।
এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে খাদ্যসামগ্রীসমূহ আনুষ্ঠানিকভাবে চট্টগ্রাম জেলা প্রশাসকের নিকট হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, পেট্রোবাংলার আওতাধীন সংশ্লিষ্ট কোম্পানিসমূহের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, কর্ণফুলী গ্যাস অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের নেতৃবৃন্দ এবং কর্মচারী সংসদ (সিবিএ)-এর প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। খবর প্রেস বিজ্ঞপ্তির।












