খাগড়াছড়ির দীঘিনালায় মেরুং ইউনিয়নে ২ হাজার ৩০৫ কে কৃষক কার্ড প্রদান উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ছোট মেরুং উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় ছোট মেরুং উচ্চবিদ্যালয় মাঠে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও কৃষকেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথি ছিলেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মো.আনোয়ার সাদাত, পুলিশ সুপার মো. মোর্তজা আলী খান, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. ইলিয়াস মেহেদী, কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. নাছির উদ্দীন চৌধুরী, জেলা পরিষদের সদস্য মো. মোশারফ হোসেন, সদস্য এম এ আফসার ও সদস্য অ্যাডভোকেট মালেক মিন্টু, দীঘিনালা উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাদাত হোসেন প্রমুখ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফারিয়া সুলতানা। এসব বক্তারা বলেন, ‘কৃষক কার্ডের’ মাধ্যমে কৃষকদের কাছে সরকারি কৃষিসেবা ও সহায়তা সহজে এবং সরাসরি পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। কার্ডের মাধ্যমে পর্যায়ক্রমে কৃষি উপকরণ, সরকারি ভর্তুকি ও প্রণোদনা, কৃষিঋণ, প্রশিক্ষণসহ বিভিন্ন কৃষিসেবা পাওয়ার সুযোগ থাকবে। সরকারি কৃষক কার্ড কর্মসূচির আওতায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের বিভিন্ন সেবা যুক্ত করার পরিকল্পনাও রয়েছে।













