বৃহত্তর রাহাত্তারপুল মহল্লা কমিটির অভিষেক

| মঙ্গলবার , ১৭ নভেম্বর, ২০২৬ at ১০:৪৬ পূর্বাহ্ণ

বৃহত্তর রাহাত্তারপুল মহল্লা কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দের অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান গত ১৩ নভেম্বর নগরীর একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

মহল্লা কমিটির নবনির্বাচিত সভাপতি হাজী মোহাম্মদ হারুন সওদাগরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেন। প্রধান বক্তা ছিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান।

প্রধান অতিথি বলেন, আমাদের তরুণ সমাজ আজ জেগে উঠছে। পাড়ায়–মহল্লায়, স্কুল–কলেজে এখন সচেতনতার নতুন জোয়ার বইছে। তরুণরাই আজ মাদকের বিরুদ্ধে ‘না’ বলছে, তারাই গড়ে তুলছে পাঠাগার, খেলার মাঠ আর স্বেচ্ছাসেবী সংগঠন। প্রধান অতিথি নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান। এছাড়া মহল্লা কমিটির নবনির্বাচিত সভাপতি হাজী মোহাম্মদ হারুন সওদাগর কার্যকরী পরিষদের সদস্যদের শপথবাক্য পাঠ করান।

বক্তারা একটি সুন্দর, শান্তিপূর্ণ ও আদর্শ সমাজ গঠনে সকলের সম্মিলিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধমুক্ত এলাকা গড়ে তুলতে বৃহত্তর রাহাত্তারপুল মহল্লা কমিটিকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা সেকান্দর, মনজুর আলম, আব্দুর রহমান,নূরনবী মিয়া, জসিম উদ্দিন, সেলিম সালেহ, সাইদুল আলম সাইদ, আনিছুর রহমান, মামুনুর রহমান, নুর মোহাম্মদ বাবর, নুরুল আজিম প্রমুখ।এলাকাবাসীর প্রত্যাশা, নবনির্বাচিত কমিটির যোগ্য নেতৃত্বে এলাকার সামাজিক উন্নয়ন, পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড আরও গতিশীল হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাই পৌরসভায় পানি সরবরাহ ও মানববর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সেমিনার