হেয়ার কাট বাতিল, আমানতের টাকা ফেরত দেওয়া এবং লেনদেন স্বাভাবিক করাসহ বিভিন্ন দাবিতে নগরীর জুবিলী রোডে একীভূত হওয়া পাঁচ ব্যাংকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন আমানতকারী ও গ্রাহকরা।
গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত চলা বিক্ষোভে কয়েকশ আমানতকারী শুরুতে নগরীর এনায়েত বাজার মোড়ে গ্লোবাল ইসলামী ব্যাংকের সামনে অবস্থান নেন। পরে তারা জুবলি রোডের এঙ্মি ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও এসআইবিএলের সামনেও অবস্থান করে বিক্ষোভ প্রদর্শন করেন।
ভুক্তভোগী আমানতকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে আন্দোলন করলেও নির্বাচিত সরকার ও বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তারা বলেন, বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী ২০২৪ ও ২০২৫ সালের জন্য আমানতের ওপর মাত্র ৪ শতাংশ হারে মুনাফা নির্ধারণ করা হয়েছে, যা লাখো আমানতকারীকে ক্ষতির মুখে ফেলবে।
আমানতকারী অ্যাসোসিয়েশন চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক আজম উদ্দিন বলেন, পাঁচ ব্যাংকের গ্রাহকেরা তাদের জমা টাকা তুলতে পারছেন না। ব্যাংকে রাখার টাকার কোনো মুনাফা পাচ্ছেন না। এ কারণে আমরা বিক্ষোভ করছি।














