গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে

চট্টগ্রাম অঞ্চল জামায়াতের দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ শাহজাহান

| শনিবার , ৭ নভেম্বর, ২০২৬ at ১০:৩৫ পূর্বাহ্ণ

জামায়াতে ইসলামী চট্টগ্রাম অঞ্চলের দায়িত্বশীল সমাবেশ গত ৫ নভেম্বর সকালে মহানগরী জামায়াতের দেওয়ানবাজারস্থ কার্যালয় বিআইএ কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মুহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে সমাবেশে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, শ্রমিক অসন্তোষ, আইনশৃঙ্খলা পরিস্থিতি, জুলাই সনদ বাস্তবায়ন এবং গণতান্ত্রিক ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করা হয়।

সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহছানুল্লাহ ভুঁইয়া, শাহজাহান চৌধুরী এমপি, মহানগরী আমির মুহাম্মদ নজরুল ইসলাম, চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য মুহাম্মদ জাফর সাদেক, অধ্যক্ষ আমিরুজ্জামান, মাওলানা মোস্তাফিজুর রহমান, দক্ষিণ জেলা আমির আনোয়ারুল আলম চৌধুরী, উত্তর জেলা আমির মুহাম্মদ আলাউদ্দিন সিকদার, কক্সবাজার জেলা আমির অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী, বান্দরবান জেলা আমির এস এম আবদুছ ছালাম আজাদ, রাঙামাটি জেলা আমির অধ্যাপক মোহাম্মদ আবদুল আলীম, খাগড়াছড়ি জেলা আমির অধ্যাপক সৈয়দ মো. আবদুল মোমেন, নগর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, দক্ষিণ জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক, উত্তর জেলা সেক্রেটারি মুহাম্মদ আব্দুল জব্বার, কক্সবাজার জেলা সেক্রেটারি মোহাম্মদ জাহিদুল ইসলাম প্রমুখ।

সভাপতির বক্তব্যে মুহাম্মদ শাহজাহান বলেন, দেশের বিভিন্ন স্থানে শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ ও কর্মক্ষেত্রে অস্থিরতা জনজীবন ও অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। শ্রমিকদের ন্যায্য দাবি–দাওয়া ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের মানুষ যে পরিবর্তনের প্রত্যাশা ব্যক্ত করেছে, তা বাস্তবায়নে জুলাই সনদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের আকাঙ্ক্ষা ও জাতীয় ঐকমত্যের ভিত্তিতে গৃহীত সংস্কার প্রস্তাব বাস্তবায়নে সরকারকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধভালো মেয়ে হওয়ার দীর্ঘ প্রশিক্ষণ