চকরিয়ায় গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

স্বামীকে ধরে পুলিশে দিল জনতা

চকরিয়া প্রতিনিধি | শনিবার , ৭ নভেম্বর, ২০২৬ at ৫:২৫ পূর্বাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় পারিবারিক কলহের জের ধরে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। হাতুড়ি দিয়ে পিটিয়ে ও বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগে স্বামীকে ধরে স্থানীয়রা পুলিশে দিলেও এর আগে তিনি তার স্ত্রী বাড়ির চালার সঙ্গে ঝুলিয়ে আত্মহত্যা করেছেন বলে জানান। গতকাল শুক্রবার সকালে ওই গৃহবধূর লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ।

এর আগে গত বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মাঝের পাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম রুমা আক্তার (৩০)। তিনি ওই ওয়ার্ডের মাঝের পাড়া গ্রামের বাহাদুর আলমের কন্যা এবং একই এলাকার মোহাম্মদ মানিকের স্ত্রী। রুমা আক্তারের ৮ বছরের সন্তান মো. লাবিব জানায়, তার মাকে তার বাবা হাতুড়ি দিয়ে পিটিয়ে এবং বালিশ চাপা দিয়ে হত্যা করেছে।

স্থানীয় লোকজনের অভিযোগ, বিয়ের পর থেকে স্বামী মানিক স্ত্রীকে শারীরিকভাবে নির্যাতন চালিয়ে আসছিল। বাড়ি নির্মাণের কথা বলে এনজিও থেকে নেওয়া ৬০ হাজার টাকাও হাতিয়ে নেয় মানিক। এ নিয়ে প্রতিনিয়ত ঝগড়া–বিবাদ লেগেই ছিল তাদের সংসারে। এরই মাঝে রুমা আক্তারের আরেক খালাতো বোনকেও (নার্সে চাকরিরত) বিয়ে করে মানিক। এ নিয়ে পারিবারিক কলহ চরম আকার ধারণ করে।

এ ব্যাপারে চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান দৈনিক আজাদীকে বলেন, লক্ষ্যারচরে গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে কী–না তা এখনই বলা যাচ্ছে না। কারণ শরীরের বাইরে তেমন কোনো আঘাতের চিহ্ন পরিলক্ষিত হয়নি। ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। স্থানীয়রা স্বামী মানিককে পুলিশের কাছে সোপর্দ করেছে। এই ঘটনায় মেয়ের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ প্রাপ্তিসাপেক্ষে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে পাহাড়ে সাঁড়াশি অভিযান, স্থানীয়দের বিক্ষোভ