প্রবন্ধ গবেষণায় সামগ্রিক অবদানের জন্য চট্টগ্রাম একাডেমি প্রবর্তিত শিল্পশৈলী পুরস্কার ২০২৬ পাচ্ছেন ভাষাবিজ্ঞানী অধ্যাপক মনসুর মুসা। আগামী ১৫ নভেম্বর সন্ধ্যা ৬টায় একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে তাঁকে এ পুরস্কার প্রদান করা হবে। পুরস্কার হিসেবে থাকছে সম্মাননা স্মারক, সনদ ও নগদ সম্মানী। উল্লেখ্য, ২০২২ সালে প্রথমবার প্রবন্ধ–গবেষণায় সামগ্রিক অবদানের জন্য এই পুরস্কার পেয়েছিলেন ড. সুনীতিভূষণ কানুনগো। মনসুর মুসা ভাষাতত্ত্ব–অধ্যয়ন করেছেন যুক্তরাজ্যে আর যুক্তরাষ্ট্রে, সিঙ্গাপুরে, দক্ষিণ কোরিয়ায়; অধ্যাপনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাঙলা বিভাগে; তারপর আধুনিক ভাষা ইনস্টিটিউটে। আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক ছিলেন তিনি। দুইবার তিনি বাংলা একাডেমির মহাপরিচালক ছিলেন। আধুনিক ভাষাবিজ্ঞানের বিভিন্ন শাখায়; সমাজভাষাবিজ্ঞানে, মনোভাষাবিজ্ঞানে এবং ভাষা–পরিকল্পনায় তাঁর অবদান অপরিসীম। মানুষের ভাষা–সমস্যা সম্পর্কে তিনি বহু প্রবন্ধ লিখেছেন। তুর্কীভাষা আন্দোলন, শ্রীলঙ্কার ভাষা–সমস্যা, আসামের ভাষাদাঙ্গা, বাঙলা ভাষা ও রাজনীতি, প্রাথমিক স্তরের পাঠ্যপুস্তকের ভাষাতাত্ত্বিক মূল্যায়ন ইত্যাদি গবেষণামূলক প্রবন্ধ দেশে বিদেশে সুধীজনের দৃষ্টি আকর্ষণ করেছে। তাঁর প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে : পূর্ব বাঙলার উপন্যাস ১৯৭৪; ভাষা–পরিকল্পনা ও অন্যান্য প্রবন্ধ ১৯৮৪; ভাষা–পরিকল্পনার সমাজভাষাতত্ত্ব ১৯৮৫; বাংলা পরিভাষা : ইতিহাস ও সমস্যা ১৯৯৬; বাংলাদেশের রাষ্ট্রভাষা ১৯৯৬; প্রয়োগিক ভাষাতত্ত্বের রূপরেখা (২০০০), বাঙলা ধ্বনিমূল, শিক্ষা ভাষা ও ভাষা–শিক্ষা, এলিমেন্টারী স্ট্রাকচারেড টেক্সটস ইন বেঙ্গলী প্রভৃতি। মনসুর মুসার জন্ম ১৯৪৫ সালের ৩১ জুলাই চট্টগ্রামের ফটিকছড়ির ধর্মপুরে। প্রেস বিজ্ঞপ্তি।










