এতিম ও প্রতিবন্ধী শিশুদের উপযোগী করে গড়ে তোলা হচ্ছে, যাতে তারাও দেশের উন্নয়নে অংশীদার হতে পারে বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, এসব শিশুকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া চর্চা ও তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে তুলতে হবে।
গতকাল শুক্রবার হাটহাজারী উপজেলার ফরহাদাবাদে সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র এবং ফরহাদাবাদ সরকারি শিশু পরিবার ও শিশু–কিশোরদের নিরাপদ হেফাজত কেন্দ্র পরিদর্শনকালে মন্ত্রী এসব কথা বলেন। সাংবাদিকদের সহযোগিতা কামনা করে ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, দু–একটি বিচ্ছিন্ন ঘটনাকে আপনারা তথ্য দিয়ে ঢাকার চেষ্টা করবেন না। যেটি বাস্তবতা, সেটিই সুন্দরভাবে তুলে ধরতে হবে। যারা বিচ্ছিন্ন ঘটনা ঘটানোর চেষ্টা করে, তখন তারা নিবৃত্ত হবে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম, হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন, চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক, চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট, হাটহাজারী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুজাহিদুল ইসলাম, মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা গোলাম মোস্তফা রঞ্জু, আন্তর্জাতিক উশু বিচারক ও কোচ আবদুল্লাহ আল ফয়সাল এবং আন্তর্জাতিক উশু বিচারক ও কোচ ফারজানা খানমসহ অনেকে। এর আগে কেন্দ্রে পৌঁছালে কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতারের নেতৃত্বে নিবাসী শিশুরা মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানায়। পরে তিনি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে কেন্দ্রের বাগানে একটি পেয়ারা গাছের চারা রোপণ করেন। এ সময় শিশুদের তৈরি দেয়ালিকা ‘আলোকবর্তিকা’র দ্বাদশ সংখ্যা উন্মোচন করেন মন্ত্রী। পরে নিবাসী শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন তিনি। এর আগে মন্ত্রী ফরহাদাবাদ সরকারি শিশু পরিবার ও শিশু–কিশোরদের নিরাপদ হেফাজত কেন্দ্র এবং কেন্দ্রের নতুন ভবন নির্মাণের স্থান পরিদর্শন করেন।












