ভারতে ২২ সেকেন্ডে পাঁচ গুলি, তিন খুন

| শনিবার , ৩১ অক্টোবর, ২০২৬ at ১১:১১ পূর্বাহ্ণ

ভারতের উত্তর প্রদেশের লক্ষেণৗতে গাড়ি পার্কিং নিয়ে বিরোধের জেরে একই পরিবারের তিনজনকে গুলি করে হত্যার ঘটনায় নতুন ভিডিও সামনে এসেছে। এতে দেখা যায়, প্রকাশ্য রাস্তায় মাত্র ২২ সেকেন্ডের মধ্যে পাঁচটি গুলি ছোড়েন অভিযুক্ত ব্যক্তি। প্রথমে দুই রাউন্ড গুলি করার পর পিস্তলে আবার গুলি ভরে আরও তিনবার গুলি করেন তিনি। বৃহস্পতিবার প্রকাশিত ওই ভিডিওর বরাতে শুক্রবার এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। খবর বাংলানিউজের।

পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, অভিযুক্তের নাম শুক্লা। ভিডিওতে গুলি ছোড়ার পর তাকে চিৎকার করে বলতে শোনা যায়, ‘ওরা আমাকে ইট দিয়ে মেরেছে, তাই আমি গুলি করেছি। পুলিশ জানিয়েছে, হামলায় ব্যবহৃত পিস্তল এবং চারটি খালি কার্তুজ অভিযুক্তের কাছ থেকে উদ্ধার করা হয়েছে।

ঘটনার পরপরই তাকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়। গত ২৬ অক্টোবর সকাল সাড়ে ১০টার দিকে লক্ষ্‌েণৗর সাদাতগঞ্জ এলাকায় একটি খালি জায়গায় গাড়ি পার্কিং নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ৩০ বছর বয়সী শুক্লা গুলি চালান বলে পুলিশের অভিযোগ। এতে তিওয়ারি পরিবারের তিন সদস্য শিবাজি তিওয়ারি (৬২), শিবেন্দ্র তিওয়ারি (৫৫) ও সুয়াশ তিওয়ারি (৩০) গুলিবিদ্ধ হন। পরে তাদের কিং জর্জ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ট্রমা সেন্টারে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশের তথ্য অনুযায়ী, অভিযুক্ত শুক্লা একসময় বাণিজ্যিক জাহাজে নেভিগেশন কর্মকর্তা হিসেবে কাজ করতেন।

নিহত শিবেন্দ্র তিওয়ারির স্ত্রী রুচি তিওয়ারির অভিযোগের ভিত্তিতে এ ঘটনায় মামলা হয়েছে। মামলায় আটজনকে আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে হত্যা ও দাঙ্গার অভিযোগ আনা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমুক্তির অনুমতি পেল দেশের প্রথম এআই চলচ্চিত্র ‘গ্যাপ’
পরবর্তী নিবন্ধইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ২০