রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

চবির হীরকজয়ন্তী

চবি প্রতিনিধি | শনিবার , ৩১ অক্টোবর, ২০২৬ at ১১:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৬০ বছর পূর্তি উপলক্ষে হীরকজয়ন্তী উদ্‌যাপন ও রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার চট্টগ্রাম প্রেস ক্লাবের তৃতীয় তলায় বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটির আহ্বায়ক লায়ন আসলাম চৌধুরী রেজিস্ট্রেশন ফি প্রদানের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন হয়।

রেজিস্ট্রেশন উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের জন্য এক হাজার টাকা ফি নির্ধারণ করা হয়েছে। তবে বর্তমান শিক্ষার্থীদের জন্য কোনো ফি রাখা হয়নি। লিখিত বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল–ফোরকান বলেন, আগামী ১৮ নভেম্বর ২০২৬ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর পূর্তি উপলক্ষে আমরা হীরকজয়ন্তী উদ্‌যাপনের প্রস্তুতি গ্রহণ করছি। এই মাহেন্দ্রক্ষণকে সামনে রেখে আজ (শুক্রবার) হীরকজয়ন্তীতে অংশগ্রহণের রেজিস্ট্রেশন কার্যক্রমের শুভ উদ্বোধন শুরু হচ্ছে।

রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পর্কে উপাচার্য বলেন, ৩০ অক্টোবর থেকে আগামী ১২ নভেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে। এ ক্ষেত্রে প্রাক্তন শিক্ষার্থীদের নির্ধারিত ফি প্রদান করতে হবে। হীরকজয়ন্তী উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, স্মৃতিচারণ অনুষ্ঠান, মেলা ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

নিরাপত্তার বিষয়ে বিশ্ববিদ্যালয় উপ–উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলার জন্য টিম থাকবে, পুলিশ থাকবে, বিএনসিসি থাকবে। সবার নিরাপত্তা নিশ্চিত করা হবে।

এ সময় এলামনাই প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন চবি সিনেট সদস্য ব্যবসায়ী আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের আহ্বায়ক কমিটির আহ্বায়ক লায়ন আসলাম চৌধুরী। আসলাম চৌধুরী বলেন, আমাদের জাঁকজমকপূর্ণ আয়োজন হবে। এ জন্য এক হাজার টাকা করে ফি নির্ধারণ করা হয়েছে। আমরা আজ থেকেই রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু করে দিলাম। আগামী ১৮ তারিখ সবাইকে আমরা একসঙ্গে দেখতে চাই। যত দ্রুত সম্ভব রেজিস্ট্রেশন সম্পন্ন করে ফেলুন। সম্ভব হলে ১০ তারিখের মধ্যে রেজিস্ট্রেশন শেষ করবেন।

অনুষ্ঠানে চবি সিনেট সদস্য ড. মোহাম্মদ মনজুর–উল–আমিন চৌধুরী ও অবসরপ্রাপ্ত প্রফেসর ড. এম. আবদুল গফুর, অনুষদসমূহের ডিনবৃন্দ, বিভিন্ন হলের প্রভোস্টবৃন্দ, বিভিন্ন বিভাগ/ইনস্টিটিউটের সভাপতি/পরিচালকবৃন্দ, কলেজ পরিদর্শক, প্রক্টর ও সহকারী প্রক্টরবৃন্দ, ছাত্র–ছাত্রী পরামর্শ ও নির্দেশনা পরিচালক, পরীক্ষা নিয়ন্ত্রক, চাকসু কেন্দ্রের পরিচালক, হীরকজয়ন্তী আয়োজক কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, কমিটির সদস্য সচিব চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. হাছান মিয়া এবং আমন্ত্রিত অতিথিবৃন্দসহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক–শিক্ষার্থী, এলামনাই, কর্মকর্তা–কর্মচারী ও শুভানুধ্যায়ী উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধষড়যন্ত্র মোকাবিলায় চরম ধৈর্যের পরিচয় দিতে হবে
পরবর্তী নিবন্ধএতিম ও প্রতিবন্ধী শিশুরাও হবে দেশের উন্নয়নের অংশীদার : সমাজকল্যাণমন্ত্রী