কবি ও গল্পকার পুষ্পিতা সেনের দুটি গ্রন্থের প্রকাশনা উৎসবে বক্তারা বলেছেন, সাহিত্য হলো লেখকের মনন ও মেধার সংমিশ্রণ। সাহিত্যের মাধ্যমে সুদৃঢ় বন্ধন তৈরি হয় মানুষ ও মানবতার। সাহিত্যে আধুনিকতা তুলে ধরতে হলে কবিকে আত্মসচেতন হতে হয়। তাঁরা বলেন, পুষ্পিতা সেনের কবিতায় জীবনবোধ ও নাগরিক–দাবির কথা উঠে আসে অবলীলায়। তাঁর কবিতায় দর্শন, বোধ ও নিজস্ব দৃষ্টিভঙ্গি উঠে আসে। সঙ্গে প্রাঞ্জলতা ও সহজবোধ্যতাও প্রাধান্য পায়। তাঁর গল্পের মধ্যেও বৈচিত্র্য রয়েছে। কাহিনি নির্মাণে তিনি মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন।
গত ১৯ জুন চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক রাশেদ রউফের সভাপতিত্বে অনুষ্ঠিত উৎসবে পুষ্পিতা সেনের ‘এ নদী এমন নদী’ ও ‘বৃষ্টিগুলো তবু ঝরুক’ গ্রন্থের ওপর আলোচনা করেন শিক্ষাবিদ ড. আনোয়ারা আলম, কবি আকতার হোসাইন, কথাসাহিত্যিক অধ্যাপক বিচিত্রা সেন ও ড. শ্যামল কান্তি দত্ত। অধ্যাপক কাঞ্চনা চক্রবর্তীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম, প্রাবন্ধিক অনিন্দ্য বড়ুয়া, অধ্যাপক সুপ্রতিম বড়ুয়া, শিশুসাহিত্যিক অমিত বড়ুয়া, অধ্যাপক গোফরান উদ্দীন টিটু, কবি সুবর্ণা দাশ মুনমুন, ড. সুজিত চন্দ্র দাস প্রমুখ। বই থেকে আবৃত্তি করেন সৌভিক চৌধুরী, প্রতিমা দাশ, সিমলা চৌধুরী, শর্মী বড়ুয়া প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











