খাগড়াছড়ির রামগড়ে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে দেলোয়ার হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেলে ভুক্তভোগী নারী নিজে রামগড় থানায় গিয়ে লিখিত অভিযোগ দেওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।
পুলিশ ও ভুক্তভোগীর পারিবারিক সূত্র জানায়, দেলোয়ার হোসেন উপজেলার পাতাছড়ার থলিবাড়ি এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে। তিনি সিএনজি টেক্সি চালান। তার দুই স্ত্রী এবং দুই সংসারে ছয় সন্তান রয়েছে। প্রায় ১৬ মাস আগে তার ছেলের সঙ্গে ওই নারীর বিয়ে হয়। ভুক্তভোগীর স্বামী চট্টগ্রামের একটি কোম্পানিতে চালকের চাকরি করেন এবং সেখানেই থাকেন। অভিযোগ অনুযায়ী, স্বামীর অনুপস্থিতির সুযোগ নিয়ে দেলোয়ার হোসেন বিভিন্ন সময়ে তার পুত্রবধূকে একাধিকবার ধর্ষণ করেন। সামাজিক লজ্জা, পারিবারিক চাপ ও সংসার ভেঙে যাওয়ার আশঙ্কায় এত দিন বিষয়টি গোপন রেখেছিলেন ওই নারী। সর্বশেষ গত রোববার রাতে দেলোয়ার জোরপূর্বক তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। এরপর মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। পরে সোমবার বিকেলে রামগড় থানায় গিয়ে শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণের লিখিত অভিযোগ দেন ওই নারী। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে দেলোয়ার হোসেনকে আটক করে।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম বলেন, পুত্রবধূর অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে অভিযান চালিয়ে দেলোয়ার হোসেনকে আটক করা হয়েছে। ভুক্তভোগী নিজেই বাদী হয়ে এজাহার দিয়েছেন। মামলা রুজুর প্রক্রিয়া চলছে।












