রাঙ্গুনিয়ায় সাপের কামড়ে কৃষকের মৃত্যু

রাঙ্গুনিয়া প্রতিনিধি | সোমবার , ১ জুন, ২০২৬ at ৯:৩০ পূর্বাহ্ণ

প্রতিবেশীর বাড়িতে দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে বিষাক্ত সাপের কামড়ে রাঙ্গুনিয়ায় এক কৃষকের মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বনগ্রাম পশ্চিম নতুন পাড়া গুমাইবিল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ ইউছুফ (৬০) পেশায় কৃষক এবং ওই এলাকার বাসিন্দা ছিলেন।

জানা যায়, শুক্রবার রাতে প্রতিবেশীর ঘর থেকে দাওয়াত খেয়ে ফেরার পথে বিষাক্ত সাপ তাকে দংশন করে।

তবে ঘটনার পর তিনি বিষয়টি কাউকেই জানাননি। স্বাভাবিকভাবেই স্থানীয় একটি চায়ের দোকানে বসে চা পান করেন এবং পরবর্তীতে বাড়িতে ফিরেও সাপের কামড়ের বিষয়টি গোপন রাখেন। এরপর রাত ১১টার দিকে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হলে তিনি নিজেই পরিবারকে সাপে কাটার বিষয়টি জানান। তার নাক ও মুখ দিয়ে ফেনা বের হতে থাকলে স্বজনরা তাকে দ্রুত কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (বরইছড়ি) নিয়ে যান।

তবে সেখানে সাপের কামড়ের প্রতিষেধক ‘অ্যান্টিভেনম’ না থাকায় কর্তব্যরত চিকিৎসক তাকে চমেক (চট্টগ্রাম মেডিকেল কলেজ) হাসপাতালে রেফার করেন। পরে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে চমেকে নিয়ে যাওয়া হলে সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষানিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। এদিকে, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পুরো পরিবারটি এখন সম্পূর্ণ দিশেহারা ও অসহায় হয়ে পড়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন পুত্র রেখে গেছেন।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় গণপিটুনিতে যুবক নিহত, আহত ২
পরবর্তী নিবন্ধবিশ্ব ইনসানিয়াত বিপ্লব চট্টগ্রাম জেলার সমাবেশ