সাতকানিয়ায় গণপিটুনিতে যুবক নিহত, আহত ২

পরিকল্পিত হত্যা দাবি করে থানায় মামলা

সাতকানিয়া প্রতিনিধি | সোমবার , ১ জুন, ২০২৬ at ৯:২৯ পূর্বাহ্ণ

সাতকানিয়ায় গণপিটুনিতে এক যুবক নিহত ও দুই জন গুরুতর আহত হয়েছে। নিহতের নাম মো. সেলিম (৪৫)। তবে নিহতের স্বজনদের দাবি, পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। স্থানীয়রা বলছে, এলাকায় মাদক কারবার ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত হয়। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে সাতকানিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। পরে মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী জানায়, গত বৃহস্পতিবার ঈদের দিন সন্ধ্যায় খতিরহাট এলাকায় একদল লোক তিন ব্যক্তির ওপর চড়াও হয়। এ সময় উত্তেজিত জনতার পিটুনিতে মো. সেলিম, মো. মামুন ও সৈয়দ হোসেন গুরুতর আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সেলিমের মৃত্যু হয়। নিহত সেলিম চরতী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের কাটাখালী এলাকার আবুল খায়েরের ছেলে। তিনি খতিরহাট এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

নিহত সেলিমের বাবা আবুল খায়ের এই ঘটনাকে একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, পূর্বশত্রুতার জের ধরে আমার ছেলেকে নির্মমভাবে মারধর করে হত্যা করা হয়েছে। আমি আমার সন্তান হত্যার সুষ্ঠু বিচার চাই। তিনি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শাস্তির দাবি জানান।

অন্যদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানান, নিহত সেলিমের বিরুদ্ধে এলাকায় মাদক বিক্রি ও সেবনের অভিযোগ ছিল। এছাড়া এলাকায় আধিপত্য বিস্তার নিয়েও বিরোধ ছিল। স্থানীয় বাসিন্দাদের বিবরণ অনুযায়ী, ঈদুল আজহার দিন সকালে এক ব্যক্তিকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় প্রথম উত্তেজনা সৃষ্টি হয়। পরে ওই ঘটনার জের ধরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও মারামারির ঘটনা ঘটে। এর ধারাবাহিকতায় সন্ধ্যায় স্থানীয় কিছু লোক সেলিম ও তার সহযোগীদের ধরে গণপিটুনি দেয়। এসময় আহত হয়ে সেলিম মারা যায়।

এ ঘটনায় নিহত সেলিমের বাবা আবুল খায়ের বাদী হয়ে সাতকানিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। মামলায় ২৯ জনকে এজাহারনামীয় ২০০ থেকে ২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। সাতকানিয়া থানার ওসি মো. জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। চিকিৎসাধীন অবস্থায় সেলিম মারা যায়। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মামলার এজাহারভুক্ত আসামি মো. ইসমাইলকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় পাগলা কুকুরের আক্রমণে শিশুসহ আহত ৭
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় সাপের কামড়ে কৃষকের মৃত্যু