লোহাগাড়ায় পাগলা কুকুরের আক্রমণে মো. আবদুল্লাহ (৫) নামে এক শিশু গুরতর জখম হয়েছে। গতকাল রোববার দুপুরে উপজেলার পদুয়া ইউনিয়নের ৪ নাম্বার ওয়ার্ডের সমদর পাড়ায় এ ঘটনা ঘটে। শিশু আবদুল্লাহ একই এলাকার আবুল কাসেমের পুত্র। এছাড়া গত শনিবার ও রোববার দুই দিনে ওই পাগলা পুকুরের আক্রমণে আরো ৬ জন আহত হয়েছে।
আহত অন্যরা হল একই ওয়ার্ডের মালি পাড়ার আহমদ কবিরের পুত্র মো. রাকিবুল হাসান (১৯), হেলাল হোসেনের কন্যা তোহা (৫), আবদুর রহিমের পুত্র মো. তাহামিদ (১৩), আব্দুল জাব্বারের পুত্র আবিদুল ইসলাম (৮), ছগিরা পাড়ার জাহাঙ্গীর আলমের পুত্র মো. নুর (৭) ও মৌলভী পাড়ার মো. এরশাদের কন্যা আলিফা আক্তার (৬)। স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম বাবুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত দুই দিনে একটি পাগলা কুকুরের আক্রমণে অনেকে আহত হয়েছে। গত শনিবার বিকেল থেকে কুকুরটি হঠাৎ এসে মানুষের উপর আক্রমণ করে দ্রুত গতিতে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক চেষ্টার পরও পাগলা কুকুরটিকে আটকানো যায়নি। লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে কর্তব্যরত চিকিৎসক ডা. অনিক চন্দ্র জানান, গত দুই দিনে কুকুরের আক্রমণে আহত ৭ জনকে চিকিৎসাসেবা দেয়া হয়েছে। তবে মাথার চামড়া ছিঁড়ে গুরতর আহত এক শিশুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।











