‘উপহার নয়, এ যেন ভালোবাসার এক টুকরো স্মৃতি।’ প্রিয় শিক্ষার্থীদের কাছ থেকে বিদায়ী সংবর্ধনার উপহার হাতে নিয়ে এভাবেই নিজের অনুভূতি প্রকাশ করেন রাঙ্গুনিয়া সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোহাম্মদ মোকতার হোসেন। দীর্ঘ ৩৩ বছরের শিক্ষকতা জীবনের ইতি টেনে পিআরএল (অবসরোত্তর ছুটি) শুরুর আগে শেষ কর্মদিবসে তাকে আনুষ্ঠানিক বিদায় জানান সহকর্মী শিক্ষকেরা। গত কয়েক দিন ধরে কলেজের শিক্ষার্থীরাও এই প্রিয় শিক্ষককে আলাদাভাবে বিদায়ী সংবর্ধনা জানান।
বৃহস্পতিবার দুপুরে রাঙ্গুনিয়া সরকারি কলেজের শিক্ষক মিলনায়তনে শিক্ষক পরিষদের উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়। কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আনিছুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন মোহাম্মদ মোকতার হোসেন। শিক্ষক পরিষদের সম্পাদক ও ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. মুহাম্মদ আবদুল মাবুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক সাবিত্রী দাশ, কোষাধ্যক্ষ মো. জাহেদুল আলম, নির্বাহী সদস্য নাছিমা আকতার ও মোতাহের হোসাইন, প্রাক্তন সহকারী অধ্যাপক আবু মোহাম্মদ নুরুল মোমেন চৌধুরী, সহকারী অধ্যাপক সৈয়দ নাসিম উদ্দীন ও সৈয়দ মেজবাহ উদ্দীন, প্রাক্তন প্রভাষক মনোজিত কুমার ধর, প্রভাষক মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, হোমায়রা রওশন, বিশ্বজিৎ রায় চৌধুরী, মোহাম্মদ সালাহ উদ্দীন ও বেগম তাহমিনা ইয়াছমিন নূর প্রমুখ।
১৯৯৩ সালের ২৯ সেপ্টেম্বর রাঙ্গুনিয়া কলেজে প্রভাষক হিসেবে যোগদানের মধ্য দিয়ে তার শিক্ষকতা জীবনের শুরু। ১৯৯৫ থেকে ২০০০ সাল পর্যন্ত তৎকালীন বিআইটির (বর্তমানে চুয়েট) তিনটি বিভাগে খণ্ডকালীন শিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। এ সময় নিয়মিত ‘ঐটগ–৩১৭’ কোর্সের ক্লাস নেওয়ার অভিজ্ঞতা রয়েছে তার।
বিদায়ী সংবর্ধনায় আবেগাপ্লুত মোহাম্মদ মোকতার হোসেন বলেন, সহকর্মী ও শিক্ষার্থীদের কাছ থেকে পাওয়া এই ভালোবাসা আমার জীবনের এক অমূল্য স্মারক। সবার ভালোবাসা ও স্মৃতিতে চিরকাল বেঁচে থাকাই একজন শিক্ষকের সবচেয়ে বড় প্রাপ্তি।












