মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মা-বাবা খুন, পুত্র আটক

আনোয়ারার হাইলধর ইউনিয়ন

আনোয়ারা প্রতিনিধি | রবিবার , ২৬ জুলাই, ২০২৬ at ৪:৪২ পূর্বাহ্ণ

আনোয়ারায় মাদকাসক্ত ছেলে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে তার মাবাবাকে হত্যা করেছে। গতকাল শনিবার বেলা ১২টায় উপজেলার হাইলধর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের পূর্ব গুজরা এলাকার চৈতন্য মহাজন বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে ঘাতক ছেলে রিমন দাশ গুপ্তকে (৪২) আটক করেছে। এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন আছে। নিহতরা হলেন, ওই এলাকার স্বপন দাশ গুপ্ত (৬৫) এবং তার স্ত্রী কল্পনা দাশ (৫৫)

নিহত কল্পনা দাশের ছোটো জা তিথি দাশ ঘটনার প্রত্যক্ষদর্শী। তিনি বলেন, পিতামাতার একমাত্র পুত্র রিমন দাশ গুপ্ত দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল। বাবামা বাধ্য হয়ে তাকে কয়েকবার মাদক নিরাময় কেন্দ্রে পাঠায়, তারপরও সে শুধরায়নি। শনিবার সকালে তারা মাবাবা ছেলেকে নিয়ে বাহিরে গিয়ে পৌন ১২টার দিকে বাড়িতে ফিরেন। এর কিছুক্ষণ পরই ছেলেটি ছুরি দিয়ে তার মাকে আঘাত করে। এ সময় স্ত্রীকে বাঁচাতে স্বপন দাশ এগিয়ে গেলে রিমন তার বাবকেও আঘাত করে গুরুতর আহত করে। এ সময় আমরা আশপাশের মানুষ গিয়ে দেখি তার মা কল্পনা দাশ ঘটনাস্থলে মারা যায়। বাবা স্বপন দাশ গুপ্তকে উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে থেকে চমেক হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

আনোয়ারা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, গুরুতর আহত অবস্থায় স্বপন দাশ গুপ্তকে হাসপাতালে আনা হয়, প্রাথমিক চিকিৎসা শেষে চমেক হাসপাতালে প্রেরণের সময় তার মৃত্য হয়। আমরা পুলিশকে বিষয়টি জানিয়েছি। আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহমুদুল হাসান বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ছেলে রিমন দাশ গুপ্তকে আটক করি ।

আনোয়ারা থানার ওসি মো. জুনায়েত চৌধুরী বলেন, হত্যাকাণ্ডে ব্যবহৃত একটা ছুরি জব্দ করা হয়। ঘটনাস্থল থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে, হাসপাতালেও আরেকটি মরদেহের খবর পাওয়া গেছে। মরদেহগুলোকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন আছে।

পূর্ববর্তী নিবন্ধমাদক ব্যবসায়ীর সহযোগীদের হামলায় এসআইসহ দুই পুলিশ আহত
পরবর্তী নিবন্ধভারপ্রাপ্ত রাষ্ট্রপতি অফিস করবেন বঙ্গভবনে, থাকবেন স্পিকারের বাসভবনে