আগের দিন শেষ হয়েছে সিডিএফ মেয়র কাপ অনূর্ধ্ব–১৩ দলের ফুটবল ফাইনাল। ২৪টি একাডেমি দলের অংশগ্রহণে এ টুর্নামেন্ট বেশ সাড়া জাগায়। খুদে ফুটবলাররা তাদের নিপুণ নৈপুণ্যে প্রতিদিন মুগ্ধ করে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের। পরদিন গতকাল শনিবার একই মাঠে শুরু হয়েছে চট্টগ্রাম জেলা দল গঠনকল্পে অনূর্ধ্ব–১৫ বছর বয়সী ফুটবল খেলোয়াড়দের দু’দিনব্যাপী বাছাই কার্যক্রম। বাংলাদেশ ফুটবল ফেডারেশন জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ অনূর্ধ্ব–১৫ আয়োজন করতে যাচ্ছে সামনে। সে লক্ষ্যে চট্টগ্রাম জেলা দল গঠন করতে খেলোয়াড় বাছাই কার্যক্রম গতকাল শনিবার সকালে শুরু হয়। চট্টগ্রাম জেলা স্টেডিয়াম প্রথম দিনের বাছাইয়ে মহানগরীর চার শতাধিক খেলোয়াড় অংশগ্রহণ করেন। খুদে খেলোয়াড়দের বাছাই কার্যক্রমে মিলেছে ব্যাপক এবং উৎসাহব্যঞ্জক সাড়া। সকালে প্রাথমিক বাছাই শেষে ৮৮ জন এবং পরবর্তীতে বিকালে দ্বিতীয় বাছাই শেষে ৪৪ জনকে মনোনীত করা হয় বলে জানালেন বাছাই কমিটির আহবায়ক ও সিডিএফএ সিনিয়র সহ–সভাপতি নজরুল ইসলাম লেদু। তিনি বলেন, আমরা প্রথম দিন ৪টি টিম গঠন করেছি। এরজন্য ৪৪জনকে নির্বাচন করা হয়েছে। আগামীকাল(আজ) আরো ৪৪জনকে নির্বাচন করা হবে। আজ চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত খেলোয়াড়দের বাছাই পর্ব অনুষ্ঠিত হবে। তিনি বলেন ৮টি টিমের মধ্য থেকে আমরা ৬০ জন বাছাই করবো। আগামী ৪ নভেম্বর বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে কোচ আসবেন। তিনি ৫০ জন বাছাই করে দেবেন। এরপর আমরা তাদের প্রশিক্ষণ দেবো। সেখান থেকে ৩০ জনের তালিকা চূড়ান্ত করা হবে। এদের সবার রেজিস্ট্রেশন হবে। এ থেকে ২০ জনের দল মাঠে যাবে। এরাই চট্টগ্রাম জেলা দলের পক্ষে অনূর্ধ্ব–১৫ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে অংশ নেবে। খেলোয়াড় বাছাই কমিটির আহবায়ক নজরুল ইসলাম লেদু আরো বলেন, প্রথম দিনে খুদে খেলোয়াড়দের উপস্থিতি আশার সঞ্চার করেছে। উৎসাহ ভরে তারা এ বাছাইতে অংশ নিতে আসে। কাল (আজ) বিভিন্ন উপজেলা থেকে আরো বেশি খুদে ফুটবলার আসার সম্ভাবনা আছে। খেলোয়াড় বাছাই কমিটির আহবায়ক ও সিডিএফএ সিনিয়র সহ–সভাপতি নজরুল ইসলাম লেদুর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত বাছাই পর্বে বিচারকের দায়িত্ব পালন করেন সাবেক ফুটবলার সাজিব বিকাশ বড়ুয়া টুটুল, মোহাম্মদ নাসির, আসকার বাবু ও কাজী কামরুল ইসলাম পাভেল। সহযোগী হিসেবে উপস্থিত ছিলেন সাবেক খেলোয়াড় এম এ মুসা। দিনব্যাপী বাছাই কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আ ন ম ওয়াহিদ দুলাল, নির্বাহী সদস্য মাহমুদুর রহমান মাহবুব, আবু সৈয়দ মাহামুদ, সাইফুল আলম খান, কাজী জসিম উদ্দিন, মো. সরওয়ার আলম চৌধুরী মনি, যুগ্ম সম্পাদক ইয়াছিন আরাফাত চৌধুরী পাপলু ও সালাউদ্দিন জাহেদ, সিজেকেএস কাউন্সিলর সিরাজুল ইসলাম, রায়হান উদ্দীন রুবেল, ক্রীড়া সংগঠক আইনুল কবির জিতু, আবু বক্কর ছিদ্দিক প্রমুখ।












