পেকুয়া উপজেলা ক্রীড়া সংস্থার কমিটি গঠিত

সাধারণ সম্পাদক ছফওয়ানুল করিম

পেকুয়া প্রতিনিধি | রবিবার , ২৫ অক্টোবর, ২০২৬ at ৮:২২ পূর্বাহ্ণ

জাতীয় ক্রীড়া পরিষদের ক্রীড়া শাখার নির্দেশনায় পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের ১৩ অক্টোবর ২০২৬ তারিখের অনুমোদনপত্র অনুযায়ী পেকুয়া উপজেলা ক্রীড়া সংস্থার নির্বাচিত কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। ১৭ সদস্যের এ কমিটিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা পদাধিকারবলে সভাপতি হিসেবে রয়েছেন। পাশাপাশি উপজেলা পরিষদ ও প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের পদাধিকার অনুসারে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে। অনুমোদিত কমিটিতে ছফওয়ানুল করিমকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এদিকে পেকুয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় পেকুয়া প্রেসক্লাবের সভাপতি ছফওয়ানুল করিমকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট ফরহাদ চৌধুরী। গত বুধবার পেকুয়ায় সৌজন্য সাক্ষাৎকালে তিনি নতুন দায়িত্বে ছফওয়ানুল করিমের সফলতা কামনা করে বলেন, আশা করি নতুন কমিটির নেতৃত্বে পেকুয়ার ক্রীড়াঙ্গনে আরও গতিশীলতা আসবে এবং স্থানীয় পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশের সুযোগ তৈরি হবে। ছফওয়ানুল করিম দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

পূর্ববর্তী নিবন্ধসাফ চ্যাম্পিয়নশিপের জন্য ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম ক্রিকেট একাডেমির অনূর্ধ্ব-১২ টুর্নামেন্ট সম্পন্ন