সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় শিশুটি, মৃত্যু

বাঁশখালী প্রতিনিধি | রবিবার , ২৫ অক্টোবর, ২০২৬ at ৭:৫৫ পূর্বাহ্ণ

বাঁশখালীতে বাড়ির পাশের পুকুরে ডুবে মো. আফনান বিন সেলিম (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার কাথরিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ডিগ্রিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আফনান ওই এলাকার যানবাহন শ্রমিক মো. সেলিমের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় আফনান। কিছুক্ষণ পর তাকে উঠানে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরে শিশুটিকে ভাসতে দেখেন তারা। পরে দ্রুত তাকে উদ্ধার করে গুনাগরীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিশুটির বাবা মো. সেলিম তার ছেলের পুকুরে ডুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এর আগেও তাদের একটি ছেলে সন্তান মারা গেছে। বর্তমানে পরিবারে দুই মেয়ে সন্তান রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ৫ বাংলাদেশির বিরুদ্ধে মামলা