ভিটামিনের ওষুধের কৌটায় মিলল ৭৩টি ইয়াবা

কর্ণফুলীতে বাবা-ছেলেসহ গ্রেপ্তার ৪

কর্ণফুলী প্রতিনিধি | রবিবার , ২৫ অক্টোবর, ২০২৬ at ৮:৩২ পূর্বাহ্ণ

কর্ণফুলীতে একটি বসতঘরে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ভিটামিনের ওষুধের কৌটায় লুকানো ৭৩টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার রাতে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইছানগর গ্রামের সৈন্যার গোষ্ঠীর বাড়িতে শেখ আহম্মদের বসতঘরে এ অভিযান চালানো হয়। গতকাল শনিবার সন্ধ্যায় কর্ণফুলী থানার সেকেন্ড অফিসার তীথংকর দাশ অভিযানের তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বসতঘরের মালিক শেখ আহম্মদ (৫০), তার ভাই পেয়ার আহম্মদ (৫২), ছেলে মো. আরাফাত (২২) এবং একই এলাকার মনির আহম্মদ (৪২)।

পুলিশ জানায়, শেখ আহম্মদের বসতঘরে দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচা চলছে–এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় ভিটামিনের ওষুধের কৌটায় লুকানো ৭৩টি ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশের ভাষ্য, গ্রেপ্তার ব্যক্তিরা এর আগেও মাদক–সংক্রান্ত ঘটনায় গ্রেপ্তার হয়েছিলেন। জামিনে মুক্তি পাওয়ার পর তারা আবারও মাদক ব্যবসায় জড়ান বলে অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদ বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধছয় দিনব্যাপী হীরক জয়ন্তী উৎসব শুরু হচ্ছে কাল
পরবর্তী নিবন্ধসৌদিতে ফ্লাইট স্থগিত ১৪৪টি, ভোগান্তিতে ২২ হাজার যাত্রী