মহেশখালীতে আশরাফ আলী (৪৮) নামে এক সিএনজি টেক্সি চালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার রাত ১২টার দিকে উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের শুকরিয়া পাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। আশরাফ আলী ওই গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে স্ত্রী মোহছেনা বেগমের সঙ্গে তার দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। প্রায় এক সপ্তাহ আগে মোহছেনা বেগম তাদের চার ছেলে ও এক মেয়েকে নিয়ে ছোট মহেশখালী ইউনিয়নের দক্ষিণ নলবিলা ডেইলপাড়ায় বাবার বাড়িতে চলে যান। বুধবার রাত ১২টার দিকে আশরাফ আলীকে তার ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান প্রতিবেশীরা। পরে তাকে উদ্ধার করা হলেও ততক্ষণে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল সুলতান বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কখন ও কীভাবে তার মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। মৃত্যুর পেছনে পারিবারিক বিরোধ ছাড়া অন্য কোনো কারণ রয়েছে কিনা, সেটিও খতিয়ে দেখছে পুলিশ।











