দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে আইআইইউসি’র ৪র্থ র‌্যাঙ্ক অর্জন

যুক্তরাজ্যের ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং ২০২৭

| শুক্রবার , ২ অক্টোবর, ২০২৬ at ৬:০৯ পূর্বাহ্ণ

যুক্তরাজ্য ভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) প্রকাশিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং ২০২৭–এ র‌্যাঙ্কিংয়ে স্থান করে নিয়েছে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)। বাংলাদেশের ২৫টি বিশ্ববিদ্যলয়ের মূল র‌্যাঙ্কিংয়ে নাম এসেছে। আইআইইউসি বাংলাদেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৪র্থ র‌্যাঙ্কধারী বিশ্ববিদ্যালয় হওয়ার গৌরব অর্জন করেছে। উল্লেখ্য, এবারের র‌্যাঙ্কিংয়ে ১১৮টি দেশের ২ হাজার ২৯৭টি বিশ্ববিদ্যালয়কে বিভিন্ন সূচকের ভিত্তিতে মূল্যায়ন করা হয়েছে। এসব সূচকের মধ্যে রয়েছে শিক্ষার মান, গবেষণার পরিবেশ ও মান, শিক্ষার্থী–শিক্ষক অনুপাত, গবেষণাপত্রের সাইটেশন এবং আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা ইত্যাদি। আইআইইউসির এই অর্জনে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী বলেন, আন্তর্জাতিক অঙ্গনে এবং আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের এই দৃশ্যমানতা একাডেমিক অগ্রযাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই আমি আইআইইউসিকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) এবং কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে কার্যকর উদ্যোগ গ্রহণ করি। এই উদ্যোগের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র থেকে অনার্স, মাস্টার্স ও পিএইচডি ডিগ্রিধারী ড. আবু হুরায়রা মুহাম্মদ ইদবান আলমজাদেহ–কে এই বিশ্ববিদ্যারয়ে এনে প্রাথমিকভাবে টিএইচই ও কিউএস র‌্যাঙ্কিংয়ে আইআইইউসির অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। পরবর্তীতে আইআইইউসির র‌্যাঙ্কিং কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে আমার নেতৃত্বে একটি শক্তিশালী ও নিবেদিতপ্রাণ র‌্যাঙ্কিং কমিটি গঠন করা হয়। কমিটির কনভেনর হিসেবে দায়িত্ব পালন করেন প্রফেসর ড. মোহাম্মদ নাজিম উদ্দিন। কমিটির সদস্যরা হলেন ড. আবু হুরায়রা মুহাম্মদ ইদবান আলমজাদেহ, ড. মো. জাহাঙ্গীর আলম ও ইঞ্জিনিয়ার মো. মাহি উদ্দিন। আইআইইউসি পরিবারের প্রত্যেক সদস্যকে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমহেশখালীতে টেক্সি চালকের ঝুলন্ত লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধউখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক আহত