চবির ‘এ’ ইউনিটে পাসের হার ৩২.০৬%

আজ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ‘সি’ ইউনিটের পরীক্ষা ১৫ মার্চ

আজাদী প্রতিবেদন | শনিবার , ৮ মার্চ, ২০২৫ at ৬:০৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৪–২৫ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের প্রথম বর্ষের (স্নাতক) ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ২৯ হাজার ৪১১ পরীক্ষার্থী। পাসের হার ৩২ দশমিক ০৬ শতাংশ। এতে প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থী পেয়েছেন ৯৭ দশমিক ০৫ নম্বর। গত বৃহস্পতিবার দিনগত রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজ ও ওয়েবসাইটে এ ফল প্রকাশিত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়ক ও চবি প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর মুহাম্মদ সানাউল্লাহ চৌধুরী। ভর্তিচ্ছুরা ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটের (ধফসরংংরড়হ.পঁ.ধপ.নফ) মাধ্যমে ও বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেইজে তাদের ফলাফল দেখতে পারবেন। আজ কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘বি’ ইউনিটে আবেদন করেছেন ৭৩ হাজার ১৭১ জন। এদিনও তিনটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা।

বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের অধীনে রয়েছে চারটি অনুষদ। এগুলো হলো, বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ। গত শনিবার তিন বিভাগীয় শহরে (ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী) ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ চার অনুষদে মোট আসন রয়েছে ১ হাজার ১২৩টি। আবেদন করেন ১ লাখ ৯ হাজার ৮১ জন শিক্ষার্থী। তবে, তিনটি কেন্দ্রে মোট উপস্থিত ছিলেন ৯১ হাজার ৭৩৯ জন শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২৯ হাজার ৪১১ জন। এবার চারটি ইউনিট ও তিনটি উপ–ইউনিটে মোট ৪ হাজার ৯২৬টি আসনের বিপরীতে সর্বমোট আবেদন করেছেন ২ লাখ ৭১ হাজার ২৩৯ জন শিক্ষার্থী। সেই হিসেবে আসন প্রতি লড়বেন ৫৫ জন শিক্ষার্থী।

যে সূচিতে চলবে শাটল : নতুন সময়সূচি অনুযায়ী ভর্তি পরীক্ষার চার দিন শাটল ট্রেন চট্টগ্রাম নগরের বটতলী থেকে সকাল ৭টা, সাড়ে ৭টা, সাড়ে ৯টা, ১০টা, বেলা ২টা ৫০ মিনিট, বেলা ৩টা ৫০ মিনিট ও রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে ছেড়ে আসবে। অন্যদিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সকাল ৮টা ১৫ মিনিট, ৮টা ৪৫ মিনিট, বেলা ১টা ৩০ মিনিট, ২টা ৩০ মিনিট, বিকেল ৪টা, সাড়ে ৫টা ও রাত সাড়ে ৯টায় নগরের বটতলীর উদ্দেশে ট্রেন ছাড়বে।

কোন ইউনিটের পরীক্ষা কবে : আজ ‘বি’ ইউনিট, এরপর ১৫ মার্চ ‘সি’ ইউনিট এবং ২২ মার্চ অনুষ্ঠিত হবে ‘ডি’ ইউনিটের পরীক্ষা। এছাড়া বি–১ উপ–ইউনিটের ১০ মার্চ, বি–২ ১১ মার্চ ও ডি–১ আগামী ২৪ মার্চ অনুষ্ঠিত হবে। উপ–ইউনিটগুলোর ভর্তি পরীক্ষা চবি ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধজুলাই বিপ্লবে সম্মুখসারিতে নারী
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে কমছে লেবুর দাম, আসছে পাহাড়ি লেবু