হাটহাজারীতে পল্লী বিদ্যুতের আরও একটি ট্রান্সফরমার চুরি হয়েছে। গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার ৪ নম্বর গুমানমর্দ্দন ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বালুখালী বহন মাঝির বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। ট্রান্সফরমার চুরির পর বিদ্যুৎ চলে গেলে স্থানীয়দের সন্দেহ হয়। ঘুম থেকে উঠে তারা চুরির স্থানে একটি সিএনজি টেক্সি দেখতে পান। পরে সেটি ভাঙচুর করেন তারা। স্থানীয় সূত্রে জানা গেছে, এর ১৫ দিন আগেও একই এলাকা থেকে আরেকটি ট্রান্সফরমার চুরি হয়েছিল। এছাড়া প্রায় এক মাস আগে একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নালান্দা বৌদ্ধ মন্দির এলাকা থেকে একটি ট্রান্সফরমার চুরি হয়। এরপর ১২ দিন আগে ছিপাতলী ইউনিয়নের কাজীরখীল গ্রামের সেয়ান বাড়ি এলাকা থেকে একটি এবং এর ১০ দিন পর মেখল ইউনিয়নের ইছাপুর এলাকা থেকে আরেকটি ট্রান্সফরমার চুরি হয়। এর আগে প্রায় এক মাস ১০ দিন আগে চারিয়া ইজতেমা মাঠসংলগ্ন এলাকা থেকে একসঙ্গে দুটি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটে।
একের পর এক ট্রান্সফরমার চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। এসব চুরি প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে দায়িত্বশীল কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।









