নগরের উন্নয়নের জন্য সিটি গভর্ন্যান্স ব্যবস্থা চালু করা হোক

| রবিবার , ২৯ নভেম্বর, ২০২৬ at ১০:১৩ পূর্বাহ্ণ

বিশেষজ্ঞরা বলেন, চট্টগ্রামকে অবহেলিত রেখে বাংলাদেশের উন্নয়ন কখনো সম্ভব নয়। চট্টগ্রামকে দেশের দ্বিতীয় রাজধানী হিসেবে গড়ে তুলতে যা যা করণীয় তাই করা দরকার। সঠিকভাবে অবকাঠামো উন্নয়ন হলে চট্টগ্রাম হবে সত্যিকার অর্থে আধুনিক নগরী। কেননা দেশের বৃহত্তম বন্দর চট্টগ্রামে। বাংলাদেশের অর্থনীতি পরিচালিত হয় এই বন্দর দিয়ে। এই বন্দরকে বাঁচাতে হলে চট্টগ্রামে উন্নয়নের কোনও বিকল্প নেই। সবাই সম্মিলিতভাবে কাজ করলে চট্টগ্রাম দ্রুত এগিয়ে যাবে। দেশেরও উন্নয়ন ত্বরান্বিত হবে। সমস্যা যেখানে সমাধানও সেখানে।

নগরীতে কাজ করছে সরকারের ডজনখানেক সেবা সংস্থা। উন্নয়নের জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), পানি সরবরাহ করার জন্য ওয়াসা রয়েছে। এদিকে চট্টগ্রাম বন্দর, পিডিবি, পরিবেশ অধিদপ্তর, সড়ক ও জনপথ, পানি উন্নয়ন বোর্ড, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিটিসিএল, ফায়ার সার্ভিস, গৃহায়ণ ও গণপূর্ত, বিএসটিআই, বিআরটিসি, বিআরটিএ ছাড়াও আরও অনেক সেবা সংস্থা রয়েছে। যারা নগরজুড়ে নির্দিষ্ট সেবা নিশ্চিতে কাজ করে। যে যার মত দায়িত্ব পালনে ব্যস্ত থাকলেও সমন্বয়হীনতার কারণে সামগ্রিক উন্নয়নের সুফল থেকে বঞ্চিত হচ্ছেন নগরবাসী। এতে সরকারের উন্নয়ন ভেস্তে যাওয়ার উপক্রম হয়েছে। ফলে বার বার সমন্বয়ের কথা উঠে। বলা হয়, সমন্বয় সভার নামে কথার ফুলঝুড়িও হয়। কিন্তু হাওয়ায় মিলিয়ে যায় সমন্বয় সভার পরিকল্পনাগুলো। এমন চিত্র থেকে বেরিয়ে যেকোনভাবে সেবা সংস্থাগুলোর মধ্যে সমন্বয় আনতে হবে। কারণ নগরীর সেবা সংস্থাগুলোর সমন্বয়ের কোনো বিকল্প নেই। যেকোনভাবে সমন্বয়ে আসতে হবে। তার জন্য নগর সরকারের চেয়ে উত্তম সমাধান নেই। তাই আগে দাবিকে এক ছাতার নিচে আসতে হবে।

বিশেষজ্ঞদের মতে, নগরের উন্নয়নের জন্য সিটি গভর্ন্যান্স ব্যবস্থা চালু করা দরকার। বেশ কিছুদিন আগে দৈনিক আজাদীতে ‘সমাধান কি সিটি গভর্ন্যান্সে’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এতে বলা হয়েছে, নগর উন্নয়নে সেবাসংস্থাগুলোর মধ্যে সমন্বয় নিশ্চিতে সিটি মেয়রের ‘কর্তৃত্ব’ বা ‘অভিভাবকত্ব’ প্রতিষ্ঠার দাবি দীর্ঘদিনের। সেক্ষেত্রে আইনি কাঠামোর মাধ্যমে মেয়রের ক্ষমতা বৃদ্ধির জন্য ‘সিটি গভর্ন্যান্স’ ব্যবস্থা চালুর প্রস্তাব আছে নগরপরিকল্পনাবিগণের। যদিও এ বিষয়ে কোনো উদ্যোগ নেয়নি সরকার। এমনকি সমন্বয়ের জন্য সিটি মেয়রের কাছে সেবাদানকারী সংস্থার জবাবদিহিতা নিশ্চিতে কার্যকর কোনো আইনি কাঠামোও তৈরি করা হয়নি। বিদ্যমান ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন–২০০৯ এ সমন্বয়ের সুযোগ থাকলেও জবাবদিহিতা নিশ্চিত করা হয়নি। তাই ভিন্ন ভিন্ন সংস্থার চলমান উন্নয়ন কর্মকাণ্ডে বরাবরই উপেক্ষিত হচ্ছে সমন্বয়।

বিশেষজ্ঞরা বলেন, সিটি গভর্নমেন্ট বা নগর সরকারের ধারণা বিশ্বের প্রায় সব উন্নত ও উন্নয়নশীল দেশগুলোতে প্রচলিত হলেও আমাদের দেশে এই কনসেপ্টটি একটি ‘নিষিদ্ধ বিষয়’ (ট্যাবু) হয়ে রয়েছে। এ দেশের শাসক মহলে নির্বাচিত মেয়রদের নগর পরিচালনায় কেন্দ্রীয় ভূমিকা পালন করতে দিতে এক অদ্ভুত অনীহা গেড়ে বসে আছে। এমনকি ব্রিটিশ ঔপনিবেশিক আমলে এ দেশের শহরগুলোর পৌরসভার যতটুকু ক্ষমতা এবং দায়িত্বের পরিধি ছিল পাকিস্তান আমলে এবং বিশেষত আইয়ুব খানের শাসনামলে, সেগুলোও কেড়ে নেওয়া হয়েছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার ৫৬ বছরেও ওই ক্ষমতাগুলো আবার সিটি করপোরেশন এবং মিউনিসিপ্যালিটিগুলোতে ফেরত দেওয়ার আইনি পরিবর্তনের গরজ কোনো সরকারের আমলেই দেখা যায়নি।

তাঁরা চট্টগ্রামে নগর সরকার না হওয়ার কারণ হিসেবে বেশ কয়েকটি সমস্যা চিহ্নিত করেন। সমস্যাগুলো হচ্ছে– সিদ্ধান্ত গ্রহণক্ষমতা ঢাকায় কেন্দ্রীকরণ, মন্ত্রণালয় থেকে প্রায় বছর অবিশ্বাস্য রকমের কম অর্থ বরাদ্দ, নগরীর মাস্টারপ্ল্যানকে অবহেলা করে প্রায় সব প্রকল্প গ্রহণ, নগরীর গভর্ন্যান্স ও উন্নয়নের সঙ্গে সংশ্লিষ্ট ২৮টি সংস্থা ও এজেন্সির মধ্যে সমন্বয়ের সার্বক্ষণিক সংকট, ড্রেনেজ সমস্যা সমাধানের নামে অপরিকল্পিত প্রকল্পে বিপুল অর্থ অপচয়, স্টর্ম–স্যুয়ারেজ ব্যবস্থার অভাব, খাল–নালা দখল, কর্ণফুলী নদীদূষণ, যত্রতত্র শপিং সেন্টার নির্মাণ, নগরীতে পার্ক, বিনোদন কেন্দ্র ও খেলার মাঠের স্বল্পতা এবং চট্টগ্রাম সিটি করপোরেশন ও সিডিএ’র পাল্টাপাল্টি কর্মকাণ্ড তথা সমন্বয়হীনতা।

বিশেষজ্ঞদের এসব মতামত সরকারকে বিবেচনায় আনতে হবে। সেবাসংস্থাগুলোর সঙ্গে সিটি কর্পোরেশনের কতটুকু কাজ সেটা চিহ্নিত করেই সমন্বয় করতে হবে।

পূর্ববর্তী নিবন্ধ৭৮৬
পরবর্তী নিবন্ধএই দিনে