গণহত্যা সনদের অধীনে নিজেদের বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে মিয়ানমার। রোহিঙ্গা গণহত্যা মামলায় দেশটিকে দোষী সাব্যস্ত করে এমন সিদ্ধান্ত দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি ঠেকাতে কার্যকর পদক্ষেপ নেয়া এবং ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
আদালতের বিচারক ইউজি পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম সিদ্ধান্ত পাঠ করে শোনান। এতে আদালত বলেন, গণহত্যা সনদের বিধান কার্যকর করতে প্রয়োজনীয় আইন প্রণয়নে ব্যর্থ হয়েছে মিয়ানমার। দেশটিকে সনদের ৫ অনুচ্ছেদের অধীনে বিদ্যমান বাধ্যবাধকতা লঙ্ঘন বন্ধ করতে প্রয়োজনীয় আইন প্রণয়নের নির্দেশ দেয়া হয়। এ ছাড়া ২০১৭ সালের সামরিক অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট গণহত্যা সনদের ৩ অনুচ্ছেদবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার যুক্তিসংগত সন্দেহ রয়েছে, এমন সব ব্যক্তির বিরুদ্ধে অবিলম্বে ও কার্যকর তদন্ত শুরুর নির্দেশ দিয়েছেন আদালত।
আদালতের অষ্টম ও নবম সিদ্ধান্তে ভবিষ্যতে গণহত্যা সনদের বাধ্যবাধকতা লঙ্ঘনের পুনরাবৃত্তি ঠেকানোর বিষয়টি উঠে আসে। এ বিষয়ে আদালত বলেন, সনদের অধীনে নিজেদের বাধ্যবাধকতা লঙ্ঘনের পুনরাবৃত্তি হবে না–এমন নিশ্চয়তা ও প্রতিশ্রুতি দিতে হবে মিয়ানমারকে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের লঙ্ঘন প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। আর রায়ে উল্লেখিত নির্দেশনা অনুযায়ী ক্ষতিপূরণমূলক পুনর্বাসনমূলক ব্যবস্থা (রেস্টিটিউশন) গ্রহণের সিদ্ধান্ত দেন আদালত। আদালতের দশম ও একাদশ সিদ্ধান্তে রোহিঙ্গাদের ক্ষতিপূরণের বিষয়টি উঠে আসে। আদালত সিদ্ধান্ত দেন, গণহত্যা প্রতিরোধে নিজেদের বাধ্যবাধকতা লঙ্ঘনের কারণে রোহিঙ্গা জনগোষ্ঠী ও এর সদস্যদের ক্ষতিপূরণ দিতে হবে মিয়ানমারকে। একই ভোটে আদালত জানান, রোহিঙ্গাদের প্রাপ্য ক্ষতিপূরণের পরিমাণ এবং ক্ষতিপূরণ ও অন্যান্য প্রতিকার দেয়ার পদ্ধতি আইসিজেই নির্ধারণ করবে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরুতে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, রোহিঙ্গা জেনোসাইডের ঘটনায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায়কে সম্মান জানিয়ে মিয়ানমার সরকার ও আরাকান আর্মির উচিত প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করা। শামা ওবায়েদ বলেন, গত ১০–১২ বছর ধরে মিয়ানমার সরকার ও রাখাইন রাজ্যে আরাকান আর্মি রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর যে পরিমাণ অত্যাচার–নির্যাতন ও হত্যাকাণ্ড চালিয়েছে, তাতে তাদের বিন্দুমাত্র অনুশোচনা থাকলে তা তাদের কর্মকাণ্ডে প্রতিফলিত হতো। বাংলাদেশ অবশ্যই পরিস্থিতির ওপর নজর রাখছে। সীমান্তে দায়িত্ব পালনকারী বিভিন্ন সংস্থা ও মাঠপর্যায়ের কর্মকর্তারাও এ বিষয়ে সজাগ রয়েছেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ কখনোই চায় না, মিয়ানমারের মাটিতে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর নতুন করে কোনো অত্যাচার–অনাচার নেমে আসুক। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। আমরা আশা করব, মিয়ানমার সরকার ও আরাকান আর্মি বিষয়টি উপলব্ধি করবে যে রোহিঙ্গারা নিজেদের দেশে সম্মানের সঙ্গে ফিরে যেতে চায়। আইসিজের এই রায়কে সম্মান জানিয়ে তারা প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করবে। রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার বিষয়ে তিনি বলেন, বিএনপি সরকার গঠনের পর প্রধানমন্ত্রী মালয়েশিয়া ও চীন সফরসহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে আলোচনায় রোহিঙ্গা সমস্যাকে বিশেষ গুরুত্ব দিয়ে তুলে ধরেছেন। এসব দেশের রাষ্ট্রপ্রধানেরা রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। শামা ওবায়েদ বলেন, ‘সামগ্রিকভাবে আমরা ইতিবাচক। আমরা আশা করছি, এই রায়ের মধ্য দিয়ে রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হবে।’
এদিকে, রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে মিয়ানমারের ওপর অব্যাহত কূটনৈতিক তৎপরতা ও রাজনৈতিক চাপ বজায় রাখতে আন্তর্জাতিক সমপ্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেছেন, মানবিক সহায়তা কখনো রাজনৈতিক সমাধানের বিকল্প হতে পারে না। একইভাবে উন্নয়নমূলক উদ্যোগের মাধ্যমে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের বিচার ও জবাবদিহির প্রয়োজনীয়তাও এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। ড. তিতুমীর বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করে তাদের নিজ দেশে ফিরিয়ে নেয়ার পরিবেশ তৈরিতে আন্তর্জাতিক সমপ্রদায়কে সমন্বিত উদ্যোগ, কূটনৈতিক তৎপরতা ও রাজনৈতিক চাপ অব্যাহত রাখতে হবে। রোহিঙ্গা সংকটের একমাত্র স্থায়ী সমাধান হলো– তাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন। গত সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রীর উত্থাপিত পাঁচ দফা প্রস্তাবের উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ রোহিঙ্গা সংকট সমাধানে একটি সমন্বিত উদ্যোগ নিয়ে এগোচ্ছে।
একদিকে রোহিঙ্গা শরণার্থীদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে হবে, অন্যদিকে আশ্রয়দাতা এলাকার বাংলাদেশি নাগরিকদের জীবন ও জীবিকা সুরক্ষিত রাখতে হবে। রোহিঙ্গা সংকট এখন শুধু মানবিক সমস্যা নয়; এটি বাংলাদেশের উন্নয়ন, সামাজিক সংহতি, পরিবেশ ও স্থানীয় অর্থনীতির জন্যও একটি বড় চ্যালেঞ্জ।







