মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল অবদান স্মরণ

চট্টগ্রামে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

আজাদী প্রতিবেদন | রবিবার , ২২ নভেম্বর, ২০২৬ at ৮:০০ পূর্বাহ্ণ

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে চট্টগ্রামে মহান সশস্ত্র বাহিনী দিবস–২০২৬ উদযাপিত হয়েছে। এবারের অনুষ্ঠান পতেঙ্গাস্থ বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হকে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। পাশাপাশি বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা জানানো এবং সশস্ত্র বাহিনীর মনোজ্ঞ পরিবেশনা অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে।

১৯৭১ সালের ২১ নভেম্বর মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী সম্মিলিতভাবে দখলদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সমন্বিত অভিযান শুরু করে। সশস্ত্র বাহিনীর এই ত্রিমুখী অভিযান মুক্তিযুদ্ধকে চূড়ান্ত বিজয়ের পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর ধারাবাহিকতায় ১৬ ডিসেম্বর অর্জিত হয় স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ। মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর এই ঐতিহাসিক অবদানকে স্মরণীয় করে রাখতে প্রতিবছর ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়।

দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্য, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভূমি ও পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন, চট্টগ্রামের সংসদ সদস্যবৃন্দ, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, ২৪ পদাতিক ডিভিশনের জিওসি, কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলসহ সামরিক ও অসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, আমন্ত্রিত অতিথি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ঘাঁটি এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মো. আব্দুল্লাহ আল–মামুন। তিনি মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাসহ মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল বীর সন্তান এবং স্বাধীনতার পর দেশ ও জাতির সেবায় জীবন উৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে উল্লেখ করেন।

বক্তব্যে তিনি মহান মুক্তিযুদ্ধে ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর সম্মিলিত অভিযানের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে বলেন, স্বাধীনতার পর থেকে দেশের পুনর্গঠন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, জাতীয় সংকটে বেসামরিক প্রশাসনকে সহায়তা এবং পার্বত্য অঞ্চলে শান্তি ও দেশের অখণ্ডতা রক্ষায় সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তিনি আরও উল্লেখ করেন, ২০২৪ সালের জুলাই–আগস্টের পরবর্তী সময়ে দেশের আইনশৃক্সখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা এবং স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনতে সশস্ত্র বাহিনীর সদস্যরা নিষ্ঠা, দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের সশস্ত্র বাহিনীর অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, ১৯৮৮ সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের শান্তিরক্ষীরা বিশ্বের বিভিন্ন দেশে শান্তি প্রতিষ্ঠা ও মানবিক সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তাঁদের এই অবদান আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। পাশাপাশি দেশের স্থলসীমা, সমুদ্রসীমা ও আকাশসীমার নিরাপত্তা নিশ্চিত করতে সেনা, নৌ ও বিমান বাহিনী নিজ নিজ অবস্থান থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে ঘাঁটি এয়ার অধিনায়ক, ২৪ পদাতিক ডিভিশনের জিওসি এবং কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও অন্যান্য মুক্তিযোদ্ধাদের হাতে উপহারসামগ্রী তুলে দেন। এ সময় তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। পরে সশস্ত্র বাহিনীর সদস্যদের চমৎকার ব্যান্ড ড্রিল পরিবেশনা এবং আকর্ষণীয় মহড়া উপস্থিত অতিথিদের মুগ্ধ করে। মহান মুক্তিযুদ্ধের চেতনা, দেশপ্রেম ও সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ঐতিহ্যকে ধারণ করে আয়োজিত এ অনুষ্ঠানের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান সশস্ত্র বাহিনী দিবস–২০২৬ উদযাপিত হয়।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম বোর্ডের প্রোগ্রামারসহ তিনজন গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে ছাত্রদলের মিছিলে হামলা, বাইকে আগুন