সড়কের নিরাপত্তা নিয়ে প্রচুর লেখাালেখি হয়েছে। আলাপ–আলোচনায় সড়ক নিরাপদ করার সমাধানসূত্রও মিলেছে। কিন্তু দিনকে দিন সড়কের মৃত্যুফাঁদ হয়ে ওঠা ঠেকানো যাচ্ছে না। প্রতিদিনই বাড়ছে সড়কে দুর্ঘটনা এবং মৃত্যুহার। বাড়ি থেকে বেরুনোর মানুষটির জন্য ঘরের মানুষের দুশ্চিন্তার অন্ত নেই। কারণ, যে সুস্থ মানুষটি সকালে কাজের জন্য পথে বেরুল, সে নিরাপদে ঘরে ফিরবে– তার নিশ্চয়তা নেই। অবস্থা দেখে মনে হয়, সড়ক দুর্ঘটনা রোধে বোধহয় গোড়াতেই রয়ে গেছে গলদ। সড়কে যানবাহন চলাচলের আইন আছে, পথচারীদের জন্যও আছে আইন। কিন্তু তার পরও আমাদের রাস্তায় ফিটনেসবিহীন যানবাহনের দৌরাত্ম্য, ট্রাফিক আইন না মানার প্রবণতা তো রয়েছেই। সেই সঙ্গে গাড়ি চালানোর সনদ নেই অধিকাংশ চালকের, অপ্রাপ্তবয়স্ক চালকের সংখ্যাও কম নয়। এমনকি নিয়ন্ত্রণে আসেনি সড়ক–মহাসড়কের দুপাশের হাটবাজার, দোকানপাট সাজিয়ে বসাও। ফুটপাতে সুযোগ নেই পথচারীদের চলাচলের। সেখানেও পসরা সাজিয়ে বসেন ব্যবসায়ীরা। ফলে সড়কের বিশৃঙ্খলাই যেন হয়ে উঠেছে অলিখিত নিয়ম।
রোড সেফটি ফাউন্ডেশনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সাল থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত প্রায় ৬ বছর ১০ মাসে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত দুর্ঘটনার তথ্য বিশ্লেষণ করে এ হিসাব তৈরি করা হয়েছে। সংস্থাটি প্রতিটি ঘটনা সরেজমিনে যাচাই করেনি। ফলে সংখ্যাটি চূড়ান্ত নয়; বাস্তবে এমন পরিবারের সংখ্যা আরও বেশি হতে পারে।
মোটরসাইকেল, অটোরিকশা, প্রাইভেট কার, মাইক্রোবাস, অ্যাম্বুলেন্স ও বাসের দুর্ঘটনায় একই পরিবারের একাধিক সদস্যের মৃত্যু হয়েছে। শুধু অটোরিকশা দুর্ঘটনাতেই একই পরিবারের দুজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে ২১১টি। মাইক্রোবাসের ক্ষেত্রে ৪৮টি, প্রাইভেট কারে ৩৪টি। অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় ৪৫টি ঘটনায় প্রাণ গেছে ১৬২ জনের। বাস দুর্ঘটনায় এমন ৩২টি ঘটনায় নিহত হয়েছেন ৮৫ জন।
বিশেষজ্ঞরা বলছেন, সড়ক নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব শুধু চালক বা যাত্রীর নয়। সড়ক পরিবহন কর্তৃপক্ষ, হাইওয়ে পুলিশ, স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকেও সমানভাবে দায়িত্বশীল হতে হবে। মহাসড়কে বিকল যানবাহন দ্রুত সরিয়ে নেওয়া, ঝুঁকিপূর্ণ বাঁক ও দুর্ঘটনাপ্রবণ স্থান চিহ্নিত করা, গতিসীমা নিয়ন্ত্রণ এবং যানবাহনের ফিটনেস পরীক্ষায় কঠোরতা প্রয়োজন। পাশাপাশি চালকদের প্রশিক্ষণ, বিশ্রাম নিশ্চিত করা এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে। দুর্ঘটনার পর তদন্ত করে দায় নির্ধারণ এবং বিচার নিশ্চিত করাও জরুরি।
তাঁরা বলেন, সড়ক দুর্ঘটনার প্রধান কারণগুলো হচ্ছে– ত্রুটিপূর্ণ যানবাহন; বেপরোয়া গতি; চালকদের বেপরোয়া মানসিকতা; অদক্ষতা ও শারীরিক–মানসিক অসুস্থতা; মাদকাশক্তি; বেতন ও কর্মঘণ্টা নির্দিষ্ট না থাকা; মহাসড়কে স্বল্পগতির যানবাহন চলাচল; তরুণ ও যুবকদের বেপরোয়া মোটরসাইকেল চালানো; জনসাধারণের মধ্যে ট্রাফিক আইন না জানা ও না মানার প্রবণতা; গাড়ির ছাদে যাত্রী বহন করা; ওভারব্রিজ কিংবা আন্ডারপাস বা জেব্রাক্রসিং থাকা সত্ত্বেও সেগুলো ব্যবহার না করা; দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা; বিআরটিএ’র সক্ষমতার ঘাটতি এবং গণপরিবহন খাতে চাঁদাবাজি।
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে পত্রিকায় বলা হয়েছে, দেশে সবসময়ের মত দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনা ঘটার কারণ বহু আছে। তবে দুর্ঘটনা ঘটার কারণ যে শুধু যে বাস, তা না। সড়কে অটো, সিএনজি, নছিমন, মোটরসাইকেল, পিকআপসহ বিভিন্ন যানবাহনের বেপরোয়া চলাচলের কারণে দুর্ঘটনা বেড়েছে। তাই সবার আগে সড়কে এসব গাড়ির নিয়ন্ত্রণ আনাটা জরুরি। আসলে সড়কে দুর্ঘটনা কমাতে সবাইকে সচেতন হতে হবে। চালকদের যেমন সচেতনতার সাথে গাড়ি চালাতে হবে, ঠিক তেমনি যাত্রী বা সাধারণ মানুষের মাঝেও সচেতনতা আরও বাড়াতে হবে। সড়ক দুর্ঘটনা কমাতে হবে, সড়কে মৃত্যু বন্ধ করতে হবে–এ দাবির পক্ষে সোচ্চার হতে হবে প্রতিটি মানুষকে। সড়কে মৃত্যুর মিছিল প্রতিনিয়ত যেভাবে দীর্ঘ হচ্ছে, তাকে থামাতে হবে। বিশ্লেষকরা বলেন, সড়ক দুর্ঘটনাকে কেবল দুর্ভাগ্য কিংবা অনিবার্য ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। অধিকাংশ দুর্ঘটনা প্রতিরোধযোগ্য। এ জন্য প্রয়োজন আইনের যথাযথ প্রয়োগ, পরিকল্পিত সড়ক ব্যবস্থাপনা এবং মানুষের মধ্যে দায়িত্বশীল আচরণ গড়ে তোলা। নিরাপদ সড়ক নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব এবং নাগরিকের অধিকার। তাই মৃত্যুর মিছিল থামাতে কেবল প্রতিশ্রুতি নয়, চাই দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ।








