দক্ষতা উন্নয়নের উচ্চতর ধাপে ওঠা ছাড়া বিকল্প নেই

| বুধবার , ১১ নভেম্বর, ২০২৬ at ১০:২২ পূর্বাহ্ণ

বিশ্বব্যাংকের ২০২৬ সালের ‘ডেমোগ্রাফিক চেঞ্জ ইন সাউথ এশিয়া: ফ্রম টেলউইন্ডস টু হেডউইন্ডস ফর ডেভেলপমেন্ট’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়, জনমিতিক লভ্যাংশ কাজে লাগানোর পথে বড় বাধা অনানুষ্ঠানিক কর্মসংস্থান। বিশ্বব্যাংকের হিসাবে, দেশের মোট কর্মসংস্থানের ৮৪ শতাংশই অনানুষ্ঠানিক খাতে। এতে নিয়োজিত রয়েছে প্রায় ৫ কোটি ৮০ লাখ মানুষ। স্নাতক বা তার চেয়ে বেশি শিক্ষিতদের ৬০ শতাংশের বেশি যোগ্যতা অনুযায়ী আনুষ্ঠানিক চাকরি না পেয়ে অনানুষ্ঠানিক কাজে যুক্ত হচ্ছেন। এসব কাজে তাদের আয় আনুষ্ঠানিক খাতের কর্মীদের তুলনায় ৪৫–৮৪ শতাংশ কম। মাঝারি ও বড় প্রতিষ্ঠানেও মোট কর্মসংস্থানের ৩৫–৪০ শতাংশ অনানুষ্ঠানিক।

বিশ্বব্যাংকের অন্য একটি হিসাবে, বাংলাদেশে ২০১৬ থেকে ২০২২ সালের মধ্যে ১ কোটি ৪০ লাখ তরুণ কর্মক্ষম বয়সে পৌঁছালেও নতুন কর্মসংস্থান যুক্ত হয়েছে মাত্র ৮৭ লাখ। যাঁরা কাজ পেয়েছেন, তাঁদের প্রায় ৭০ শতাংশই যুক্ত হয়েছেন স্বল্প উৎপাদনশীল কৃষিতে। সরকারি পরিসংখ্যানে মোটাদাগে ১৫–২৯ বছর বয়সী জেন–জি প্রজন্ম দেশের মোট শ্রমশক্তির প্রায় এক–তৃতীয়াংশ। পাঁচ বছরে ১ কোটি কর্মসংস্থান সৃষ্টির সরকারি অঙ্গীকার কার্যত জেন–জির প্রতি অঙ্গীকার।

সিপিডিতে সামপ্রতিক একটি গবেষণায় ভবিষ্যতের কর্মসংস্থান পরিবর্তনের ২৭টি চালিকা শক্তি চিহ্নিত করা হয়েছে। প্রধান বৈশ্বিক চালিকা শক্তির মধ্যে রয়েছে এআই ও অটোমেশন, ডিজিটাল অর্থনীতি, সবুজ রূপান্তর, বয়োবৃদ্ধ–উত্তর ও তারুণ্যনির্ভর দক্ষিণ, বাণিজ্য ও মূল্যশৃঙ্খলের পুনর্বিন্যাস, কঠোরতর মানদণ্ড এবং কাজ নিয়ে বদলে যাওয়া মূল্যবোধ। জাতীয় পর্যায়ে রয়েছে ম্যানুফ্যাকচারিং খাতে অটোমেশন, জলবায়ুজনিত বিপর্যয়, ডিজিটাল বৈষম্য, দেশে ও বিদেশের শ্রমবাজারে দক্ষতার অসামঞ্জস্য, সংকুচিত জনমিতিক সুবিধা, প্ল্যাটফর্মভিত্তিক কাজ, নীতির অস্থিরতা এবং এলডিসি উত্তরণ।

বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের জন্য অটোমেশনই সবচেয়ে তাৎক্ষণিক চ্যালেঞ্জ। তৈরি পোসাকশিল্পে ১২ লাখ ২০ হাজার পর্যন্ত কর্মসংস্থান ঝুঁকিতে পড়তে পারে। ২০৪১ সাল নাগাদ এ খাতে নারীদের কর্মসংস্থানের ৬০ শতাংশ পর্যন্ত হারিয়ে যেতে পারে। ম্যানুফ্যাকচারিং খাতে কর্মসংস্থান প্রায় ৮১ লাখে স্থবির হয়ে আছে, যা ২০১৩ সালের স্তরের চেয়েও কম। এআই হলো দ্বিতীয় ঢেউ। আইএমএফের প্রাক্কলন অনুযায়ী, বিশ্বের প্রায় ৪০ শতাংশ কাজ এআইয়ের প্রভাবের আওতায়। সংস্থাটি সতর্ক করেছে যে শ্রমবাজারে নতুন প্রবেশকারী তরুণেরাই সবার আগে ঝুঁকিতে; কারণ, যেসব গৎবাঁধা কাজের ওপর প্রারম্ভিক পর্যায়ের চাকরি দাঁড়িয়ে থাকে, এআই সেগুলোই সহজে সম্পন্ন করতে পারে। তাঁরা বলেন, কম ঝুঁকি মানেই নিরাপত্তা নয়। বিশ্বব্যাংক দেখিয়েছে, দক্ষিণ এশিয়ায় ব্যবসায়িক সেবা ও তথ্যপ্রযুক্তি খাতের মাঝারি শিক্ষিত তরুণ কর্মীরাই সবচেয়ে বেশি ঝুঁকিতে। সংস্থাটি এ–ও সতর্ক করেছে যে আজ বাংলাদেশের তুলনামূলক কম ঝুঁকি ভবিষ্যতে প্রতিযোগিতাগত অসুবিধায় পরিণত হতে পারে। বড় ঝুঁকি হলো আয় ও সুযোগ, উভয় ক্ষেত্রেই বৈষম্য বেড়ে যাওয়া। এ অঞ্চলে এআই–দক্ষতাসম্পন্ন চাকরিতে প্রায় ৩০ শতাংশ বাড়তি মজুরি পাওয়া যায়। ইন্টারনেট সংযোগ, ডিজিটাল যন্ত্র ও প্রশিক্ষণ যদি শহুরে, সচ্ছল ও পুরুষ তরুণদের মধ্যেই সীমিত থাকে, তাহলে যে প্রযুক্তি বৈষম্য কমাতে পারত, সেটিই বৈষম্য আরও বাড়াবে।

সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)’র অতিরিক্ত গবেষণা পরিচালক তৌফিকুল ইসলাম খান বলেছেন, সামপ্রতিক বছরগুলোতে কর্মসংস্থানের তিনটি বড় দুয়ার খুলেছে। প্রথমটি আউটসোর্সিং। ২০২৫ সালের প্রথম ছয় মাসেই এ খাতের আয় ৯০ কোটি ডলারে পৌঁছেছিল, যা ২০২৪ সালের পুরো বছরের আয়ের চেয়েও বেশি। বাংলাদেশে প্রায়ই নীতিনির্ধারক ও ব্যক্তি কেউই এমন পরিবর্তনের জন্য আগাম প্রস্তুতি নেন না। প্রতিযোগিতায় টিকে থাকতে হলে নিরন্তর দক্ষতা উন্নয়ন, পুনর্দক্ষতা অর্জন ও মূল্যশৃঙ্খলের উচ্চতর ধাপে ওঠা ছাড়া বিকল্প নেই। দ্বিতীয়টি বিদেশে কর্মসংস্থান। ২০২৫ সালে ১১ লাখের বেশি বাংলাদেশি কাজ নিয়ে বিদেশে গেছেন; কিন্তু তাঁদের মধ্যে মাত্র এক–পঞ্চমাংশের মতো দক্ষ বা পেশাজীবী হিসেবে শ্রেণিভুক্ত। এই অনুপাত বাড়ানোই আয় বৃদ্ধির দ্রুততম উপায়গুলোর একটি। তৃতীয়টি সৃজনশীল ও ডিজিটাল অর্থনীতি, যা এখন সরকারের অগ্রাধিকার। ২০২৬–২৭ অর্থবছরের বাজেটে ফ্রিল্যান্সিং ও কনটেন্ট তৈরির আয় করমুক্ত করা হয়েছে। এ খাতকে এগিয়ে নিতে গেলে কাঠামোগত বাধাগুলো দূর করতে হবে। নীতি–ভাবনাকে আরও ভবিষ্যৎমুখী করতে হবে।

বিশেষজ্ঞরা বলেন, কোন কোন জায়গায় কোন চাকরিতে কী ধরনের দক্ষতা বাড়াতে হবে, সেটা খুঁজে বের করে শিক্ষার্থীদের সে অনুসারে দক্ষ করে তুলতে হবে। এটা বাড়াতে পারলেই বেকারত্বের সংকট কেটে যাবে।

পূর্ববর্তী নিবন্ধ৭৮৬