সহিংসতা কাম্য নয়, সব দিক নজরদারিতে রাখা অনিবার্য

| শনিবার , ২১ নভেম্বর, ২০২৬ at ১০:২৪ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দল–মত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, পতিত, পরাজিত ফ্যাসিস্ট অপশক্তির ষড়যন্ত্র মোকাবিলা এবং দেশকে আবারও তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত রুখে দিতে হবে। এর জন্য এই মুহূর্তে প্রয়োজন ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মতো গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তির একমঞ্চে দাঁড়ানো। গত বুধবার সন্ধ্যায় জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আমরা যখন দেশকে একটি স্বনির্ভর বাংলাদেশ রূপান্তরের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এই সংসদ এবং এই সরকার এই সংসদে আলোচনার মাধ্যমে আমরা যখন একটি স্বনির্ভর বাংলাদেশ গঠনের চেষ্টা করছি ঠিক সে সময় পতিত পলাতক বিতাড়িত ফ্যাসিস্ট অপশক্তি বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। ফ্যাসিস্টদের একটাই পরিচয় তারা সন্ত্রাসী উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কথায় বলে চোর না শুনে ধর্মের কাহিনী। আবারো প্রমাণিত হয়েছে এই দলটির চরিত্র কখনোই ঠিক হবে না। সুযোগ পেলেও তাদের চরিত্র ঠিক হবে না, এত মানুষ হত্যা এত মানুষ গুম, এত নির্যাতনের পরেও তাদের চরিত্রের কোন পরিবর্তন হয়নি।

আসলে দেশের সার্বিক বাস্তবতায় যখন স্থিতিশীলতা অত্যন্ত জরুরি, তখন নানা ক্ষেত্রে বিরাজমান অস্থিরতা সবার কাছেই অত্যন্ত উদ্বেগ ও আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। এ কথা আজ বলার অপেক্ষা রাখে না যে দেশের প্রতিটি সেক্টরে চলছে অস্থিরতা। নিরাপত্তা নেই কোথাও। শিল্পে–বাণিজ্যে–অর্থনীতিতে চলছে অস্থিরতা। এই মুহূর্তে একদিকে গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে একাধিক জায়গায় চলমান বিক্ষোভ–আন্দোলন। অন্যদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, দলটির অঙ্গসংগঠন ও নিষিদ্ধ ছাত্রলীগের বিভিন্ন জায়গায় জ্বালাও–পোড়াও সহিংসতার অভিযোগ রয়েছে। বলা বাহুল্য, এমন পরিস্থিতি রাষ্ট্রের যে কোনো ধরনের অগ্রগতির জন্যই প্রতিবন্ধক।

বিশেষজ্ঞরা বলেন, আমরা কায়মনোবাক্যে চাই যারা রাজনীতির মাঠে এমন অশান্তির আগুন নিয়ে খেলতে চাইছে, তাদের শুভবুদ্ধির উদয় হোক। পরিণাম বিবেচনায় অশুভ শক্তিকে বোতলেই ফেরত পাঠান। দুষ্টচক্রের ফাঁদে পা দিয়ে রাজনীতিতে সংঘাত–সহিংসতার ছায়া আনবেন না। তাতে হেরে যাবে সুস্থ রাজনীতি। সংঘর্ষ, নির্মমতা, হত্যাকাণ্ডের মতো রাজনৈতিক ক্ষত সারিয়ে তুলুন। রাজনীতি থেকে যেন সৌহার্দ্য ও সহযোগিতা সরে না যায়। সাধারণের মধ্যে যেন রাজনীতি ভীতি তৈরি না করে, মানুষ যেন উদ্বেগ–উৎকণ্ঠা নিয়ে সময় না কাটায়।

তাঁরা বলেন, ‘বিদ্যমান পরিস্থিতি আমাদের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক কোনো দিক দিয়েই সুখকর নয়। যে কোনো উপায়ে এই অস্থিরতার অবসান অত্যন্ত জরুরি। সরকারের উচিত গার্মেন্টস শ্রমিকদের মজুরির বিষয়ে দ্রুত এমন একটি সমঝোতায় আসা, যাতে করে মালিক ও শ্রমিক উভয় পক্ষই একটি সন্তোষজনক জায়গায় থাকে। এরই মধ্যে ঘোষণা এসেছে, ১ ডিসেম্বর থেকেই কার্যকর হবে নতুন মজুরি এবং স্থগিত সভা অনুষ্ঠিত হবে ২৩ নভেম্বর। একই সঙ্গে গোপালগঞ্জসহ দেশব্যাপী যে তাণ্ডব ধীরে ধীরে ভীতিকর হয়ে উঠছে, সে বিষয়ে কার্যকর প্রশাসনিক ও আইনি তৎপরতা জোরদার করা জরুরি। অবশ্য এরই মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্যে এ বিষয়ে কঠোর হওয়ার কথা শোনা গেছে। তবে একথা ভুলে গেলে চলবে না যে, এই অস্থিতিশীলতা ও নৈরাজ্য চলমান থাকলে আমাদের সামূহিক ক্ষতিকে দিন দিন বাড়িয়েই তুলবে।’

বিশ্লেষকদের মতে, রাজনৈতিক সংঘাত–সহিংসতার মাধ্যমে সৃষ্ট সংকটে দেশের গণতন্ত্র বিপর্যস্ত হলে কতিপয় ক্ষমতালিপ্সু মানুষ অশুভ যোগসাজসে জনগণকে বিপথগামী করার কদর্য চক্রান্তে লিপ্ত হতে পারে। অবশ্যই এ কথা নির্দ্বিধায় বলা যায় যে, দেশের জনগণ যেকোন সময়ের তুলনায় অধিকমাত্রায় সচেতন। উন্নয়ন–অগ্রগতির তুলনামূলক দৃশ্যপট বিবেচনায় তাদের যুক্তি–জ্ঞাননির্ভরতা অনেক প্রখর। শত প্রলোভন বা প্রতিশ্রুতি আপামর দেশবাসীকে বিভ্রান্ত করার তেমন কোনো সুযোগ নেই। তবুও অভিশপ্ত নাগ–নাগিনীর ছলচাতুরী–অভিনয় শৈলী, পদ–পদায়ন–পদক দখলের পারদর্শিতা এবং অনৈতিক অর্থ লেনদেন–লবিং তদবির বাণিজ্যের আড়ালে চক্রান্ত–ষড়যন্ত্রের বেড়াজালে দেশকে আবদ্ধ করার সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া সঠিক হবে না। তাই সবদিক কঠোর নজরদারিতে রাখা অনিবার্য।

পূর্ববর্তী নিবন্ধ৭৮৬