প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ২০৩১ সালের মধ্যে জিডিপিতে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের অবদান ৩৫ শতাংশে উন্নীত এবং এ খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পরিবর্তিত অর্থনৈতিক বাস্তবতা, প্রযুক্তিগত অগ্রগতি, বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতি এবং ২০২৯ সালে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের উত্তরণ–পরবর্তী চ্যালেঞ্জ বিবেচনায় সরকার জাতীয় এসএমই নীতিমালা–২০২৬ এর খসড়া প্রণয়ন করেছে। শিগগিরই এটি মন্ত্রিসভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। গত রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতিকে এক ট্রিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার লক্ষ্য রয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এ লক্ষ্য অর্জনে বড় শিল্পপ্রতিষ্ঠানের পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানগুলোকে জাতীয় উৎপাদনব্যবস্থা, শিল্প সরবরাহব্যবস্থা এবং দেশি–বিদেশি মূল্যশৃঙ্খলের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি বলেন, এসএমই প্রতিষ্ঠানগুলোকে শুধু স্থানীয় বাজারের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। বড় শিল্পপ্রতিষ্ঠানের সহযোগী উৎপাদক, যন্ত্রাংশ সরবরাহকারী ও উপকরণ প্রস্তুতকারক হিসেবে গড়ে তোলার পাশাপাশি রপ্তানিমুখী উৎপাদনব্যবস্থার অংশ করতে হবে। সরকার আগামী চার বছরে দেশে ২৫ হাজারের বেশি নতুন উদ্যোক্তা গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। বলেন, এসএমই ফাউন্ডেশনের কর্মসূচির আওতায় আগামী চার বছরে দেশের ৬৪টি জেলায় প্রতি বছর ১০০ জন করে নতুন উদ্যোক্তা তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। তরুণ ও নতুন উদ্যোক্তাদের উদ্দেশে তিনি বলেন, বছরের পর বছর চাকরির পেছনে সময় ব্যয় না করে এসএমই খাতের মাধ্যমে নিজেদের চাকরিদাতা হিসেবে প্রতিষ্ঠিত করার পরিকল্পনা নেওয়া প্রয়োজন।
বিশেষজ্ঞরা বলছেন, আগামীর বাংলাদেশে বেকারত্ব সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়াবে। এরই মধ্যে বেকারত্বের প্রভাব প্রকট হয়ে উঠতে শুরু করেছে দেশের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক পরিমণ্ডলে। প্রাতিষ্ঠানিক কর্মসংস্থানের অভাবে ছোট–বড় সব শহরে ব্যাটারিচালিত রিকশা, ভ্রাম্যমাণ ফেরিওয়ালা ও মোটরবাইক রাইডারদের সংখ্যা মাত্রাতিরিক্ত বেড়েছে। ঢাকাসহ অন্যান্য মহানগরের বস্তিগুলোয় বাড়ছে মানুষের চাপ। বেঁচে থাকার তাগিদে বা একটু বেশি আয়ের আশায় মানুষ গ্রাম থেকে ছুটে এসেছে নগরে। এর মধ্যে সবচেয়ে নাজুক অবস্থা রাজধানী ঢাকার। জাতিসংঘের ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রসপেক্ট ২০২৫ প্রতিবেদনে দেখা যায়, ইন্দোনেশিয়ার জাকার্তার পর ঢাকা এখন ৩ দশমিক ৬৬ কোটি জনসংখ্যা নিয়ে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনবহুল মহানগরে পরিণত হয়েছে। ধারণক্ষমতার মাত্রাতিরিক্ত জনবসতির কারণে ঢাকার পরিবেশ বহু আগেই বিপদসীমা অতিক্রম করেছে। সে সঙ্গে যুক্ত হয়েছে সীমাহীন যানজট। প্রতিদিন বিনষ্ট হচ্ছে হাজার হাজার কর্মঘণ্টা।
পত্রিকান্তরে প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, দেশের কর্মক্ষম জনগোষ্ঠীর একটি বড় অংশ বর্তমানে ফ্রিল্যান্সিং, রাইডশেয়ারিং, খাবার ও পণ্য সরবরাহ, অনলাইন কনটেন্ট তৈরি কিংবা অ্যাপভিত্তিক বিভিন্ন কাজে যুক্ত হচ্ছেন। একসময় বাড়তি আয়ের মাধ্যম হিসেবে এসব কাজকে বিবেচনা করা হতো। কিন্তু এটিই বর্তমানে অনেকের জীবিকার প্রধান উৎস, যাকে বলা হচ্ছে গিগ জব বা গিগ ইকোনমি (অর্থনীতি)। তবে কেবল বাংলাদেশ নয়, বিশ্বব্যাপী গিগ অর্থনীতির আকার বাড়ছে। কিন্তু এ দেশে গিগ অর্থনীতির বিকাশের প্রেক্ষাপটটি অন্তত বিশ্বের উন্নত দেশগুলোর তুলনায় ভিন্ন। শোভন কর্মসংস্থানের সুযোগের অভাব এবং উপযুক্ত চাকরি পেতে দীর্ঘ অপেক্ষার বাস্তবতায় গিগ ইকোনমি তথা গিগ অর্থনীতির সম্প্রসারণ ঘটছে দেশে। গত এক দশকে শ্রমবাজারে প্রবেশ করা ১ কোটি ৪০ লাখ তরুণের মধ্যে কর্মসংস্থান হয়েছে ৮৭ লাখের। অর্থাৎ বিপুলসংখ্যক তরুণের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করা যায়নি। এ পরিস্থিতিতে গিগ অর্থনীতি বেকার ও কর্মপ্রত্যাশী তরুণদের আয়ের বিকল্প পথ তৈরি করছে। এ দিক থেকে বিষয়টি ইতিবাচক। তবে বাস্তবতা হলো, এ খাতের সম্প্রসারণকে দেশের কর্মসংস্থান সমস্যার স্থায়ী সমাধান হিসেবে বিবেচনা করার সুযোগ নেই।
বিশেষজ্ঞরা বলেন, আর্থিক সক্ষমতা বাড়ানোর উপায় হচ্ছে যথেষ্ট পরিমাণে কর্মসংস্থান বাড়ানো। আর এ জন্য প্রয়োজন নতুন বিনিয়োগ। বিনিয়োগের মাধ্যমে যেমন ব্যবসা ও শিল্প গড়ে ওঠে, তেমনি কাজের সুযোগও তৈরি হয়। তাতে মানুষের ভোগ বাড়ে, গতি আসে অর্থনীতিতে। তাই আগামীতে কর্মসংস্থান তৈরিতে বিনিয়োগ বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।
তবে এসএমই খাতের মাধ্যমে নতুন কর্মসংস্থানের জন্য যে আহ্বান প্রধানমন্ত্রী জানিয়েছেন, সেটা গুরুত্বপূর্ণ। তরুণ ও নতুন উদ্যোক্তাদের বছরের পর বছর চাকরির পেছনে সময় ব্যয় না করে নিজেদের চাকরিদাতা হিসেবে প্রতিষ্ঠিত করার কথা ভাবতে হবে।








