চট্টগ্রামের সক্ষমতা বাড়ানোর জন্য প্রশাসনিক বিকেন্দ্রিকরণ দরকার

| সোমবার , ২৩ নভেম্বর, ২০২৬ at ৭:৩৬ পূর্বাহ্ণ

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, চট্টগ্রামের সম্ভাবনা কেবল বাণিজ্যিক রাজধানীর পরিচয়ে সীমাবদ্ধ নয়। বরং চট্টগ্রাম হবে সমগ্র বাংলাদেশের অর্থনৈতিক ও লজিস্টিকস হাব। চট্টগ্রামকে এ হাবে পরিণত করার পরিকল্পনা সরকার ইতোমধ্যে গ্রহণ করেছে। প্রধানমন্ত্রীর বিশেষ আগ্রহ ও পূর্ণাঙ্গ সমর্থনে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধি, গভীর সমুদ্রবন্দর নির্মাণ, চট্টগ্রাম বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণ এবং কার্গো ভিলেজ ও কোল্ড চেইন সুবিধা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। দৈনিক আজাদীতে প্রকাশিত সংবাদে জানা যায়, গত শুক্রবার বিকেলে নগরীর রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি আয়োজিত ৩২তম আর্ন্তজাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী আরও বলেন, মহেশখালীসহ দেশের কয়েক স্থানে গভীর সমুদ্রবন্দর এবং চট্টগ্রাম ও খুলনাকেন্দ্রিক এনার্জি হাব প্রতিষ্ঠার মাধ্যমে দেশের সমগ্র অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগানো হবে। চট্টগ্রাম বিমানবন্দরসহ অবকাঠামো খাতের সম্প্রসারণ ও লজিস্টিকস খাতের উন্নয়নে এডিবির অর্থায়ন রয়েছে। এডিবি ফ্রেমওয়ার্ক অ্যাগ্রিমেন্টের আওতায় ইন্টিগ্রেটেড গ্রোথ নেটওয়ার্ক ডেভেলপমেন্ট (আইজিএনডি) প্রকল্পের অধীনে দেশব্যাপী প্রায় ৮০ বিলিয়ন ডলারের যে বৃহৎ উন্নয়ন পরিকল্পনা নেওয়া হয়েছে তার সিংহভাগ বাস্তবায়িত হবে চট্টগ্রামকে ঘিরে।

অর্থমন্ত্রী বলেন, আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থার সঙ্গে সংযোগ বাড়াতে দুবাইয়ের জেবেল আলী বন্দর এলাকায় ২০০ থেকে ৩০০ একর জায়গা চিহ্নিত করা হয়েছে। সেখানে গুদাম ও পণ্য সংরক্ষণ অবকাঠামো গড়ে তোলা হবে। এসব সুবিধা থেকে চট্টগ্রাম, বাংলাদেশসহ পুরো অঞ্চলকে পণ্য সরবরাহ করা যাবে। চট্টগ্রাম বন্দর নদীভিত্তিক হওয়ায় বড় জাহাজ চলাচলে সীমাবদ্ধতা রয়েছে। এ সীমাবদ্ধতা কাটাতে গভীর সমুদ্রবন্দর নির্মাণের দিকে এগোচ্ছে সরকার। সিঙ্গাপুরের পিএসএ’র সহযোগিতায় একটি বন্দর প্রকল্প হচ্ছে, সেটি তুলনামূলক গভীর হলেও পুরোপুরি গভীর সমুদ্রবন্দর নয়। এ কারণে মহেশখালীতে গভীর সমুদ্রবন্দর নির্মাণ করা হবে। খুলনাতেও আরেকটি গভীর সমুদ্রবন্দর নির্মাণের পরিকল্পনা রয়েছে। এসব বন্দরে ১৫ থেকে ২০ মিটার গভীরতা থাকবে, যাতে বড় জাহাজ ভিড়তে পারে। এর মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্যে সরাসরি যোগাযোগ ও পণ্য পরিবহনের সক্ষমতা বাড়বে।

বলা জরুরি যে, দুই দশক আগে থেকে চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী বাস্তবায়নের দাবি ওঠে। বিএনপি সরকার ২০০৩ সালের ৬ জানুয়ারি এ–সংক্রান্ত প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন করে। তাতে ১৬টি কর্মসূচি ছিল। মন্ত্রিসভার ওই সভায় সিদ্ধান্ত হয়, যেকোনো একটি ব্যাংক বা বীমা কোম্পানির সদর দপ্তর চট্টগ্রামে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হবে। এ ছাড়া শিক্ষা, প্রশাসনিক, যোগাযোগ, পর্যটন, বন্দরসহ যেসব সরকারি প্রতিষ্ঠানের আঞ্চলিক দপ্তর চট্টগ্রামে রয়েছে, সেগুলোর ক্ষমতা বাড়ানো হবে। কিন্তু দুঃখের বিষয়, এসব সিদ্ধান্তের কোনোটাই বাস্তবায়িত হয়নি।

দাবি ও আশ্বাসের মধ্যে বাণিজ্যিক রাজধানী বাস্তবায়নের অংশ হিসেবে রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানের বন্ড লাইসেন্স ইস্যু, নবায়ন, কাঁচামাল আমদানির অনুমোদনের জন্য পূর্ণাঙ্গ বন্ড কমিশনারেটের অফিস চালু করা হয়েছে ২০১১ সালে। আগ্রাবাদে চট্টগ্রাম চেম্বারের বাণিজ্য নগরের প্রতীক ওয়ার্ল্ড ট্রেড সেন্টার চালু হয়েছে ২০১৬ সালে।

সরকার চট্টগ্রামে অর্থনৈতিক অঞ্চল, টানেল, বিদ্যুৎকেন্দ্র, গভীর সমুদ্রবন্দরসহ বড় বড় প্রকল্প বাস্তবায়ন করছে। তবে দুটো বিষয় অগ্রাধিকার দিতে হবে–চট্টগ্রামের সঙ্গে সারা দেশের নৌ, আকাশ, সড়ক ও রেলপথের সংযোগ আরও উন্নত করতে হবে। আর আঞ্চলিক কার্যালয়গুলোকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা প্রদান করতে হবে। তাহলে বাণিজ্যিক রাজধানী বাস্তবায়নের স্বপ্ন পূরণ হবে।

একটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা দরকার, সেটি হলো– চট্টগ্রামে কোনো উদ্যোক্তা ব্যবসা–বাণিজ্য বা শিল্পকারখানা স্থাপন করতে চাইলে তাঁকে বারবার ঢাকায় ছুটে যেতে হয়। ব্যাংকঋণ থেকে শুরু করে আমদানি–রপ্তানিসহ বিভিন্ন বিষয়ে অনুমোদনের জন্য ব্যবসায়ীদের এই দৌড় এখনো থামেনি। দেশে ৫৯টি ব্যাংকের কার্যক্রম থাকলেও একটিরও প্রধান কার্যালয় চট্টগ্রামে নেই। আমদানি–রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর থেকে ৫৫টি সেবা দেওয়া হয়। এসব সেবার মধ্যে বেশিরভাগই ঢাকার প্রধান কার্যালয় থেকে নিতে হয়। মূলধনি যন্ত্রপাতিসহ ২৮ ধরনের পণ্যের আমদানি ও রপ্তানির অনুমতির জন্য ঢাকায় দৌড়াতে হয় ব্যবসায়ীদের। পণ্য রপ্তানির আগে রপ্তানিকারক প্রতিষ্ঠান হিসেবে রপ্তানি উন্নয়ন ব্যুরোতে নিবন্ধন নিতে হয়। চট্টগ্রামে রপ্তানি উন্নয়ন ব্যুরোর কার্যালয় এ–সংক্রান্ত যাচাই–বাছাই কাজ করলেও নতুন নিবন্ধনের অনুমোদন দেওয়া হয় ঢাকা থেকে। তাই চট্টগ্রামের গুরুত্বকে আন্তরিকভাবে দেখতে হবে। চট্টগ্রামকে বাণিজ্যিক ও বিনিয়োগ হাবে পরিণত করতে হলে প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক সক্ষমতা বাড়ানোর জন্য প্রশাসনিক বিকেন্দ্রিকরণের কোনো বিকল্প নেই।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধ৭৮৬