বর্ষসেরা গ্রিন এসএমই বিজনেস পুরস্কার পেলেন শিল্পোদ্যোক্তা আলভি

পরিবেশবান্ধব শিল্পে অবদানের স্বীকৃতি

আনোয়ারা প্রতিনিধি | সোমবার , ২৩ নভেম্বর, ২০২৬ at ৭:৩৪ পূর্বাহ্ণ

ব্যবহৃত প্লাস্টিক বোতল এতদিন নালা, খাল বা নদীতে গিয়ে পরিবেশ দূষিত করলেও তা রিসাইক্লিংয়ের মাধ্যমে শিল্পের কাঁচামাল বানিয়ে নবদিগন্তের সূচনা করেছেন তরুণ শিল্পোদ্যোক্তা প্রকৌশলী হামিদ হাসান আলভি। এ কাঁচামাল রপ্তানি হচ্ছে স্পেন, ইতালি, জার্মানি, লিথুয়ানিয়া ও বেলজিয়ামসহ ইউরোপের বিভিন্ন দেশে। পরিবেশবান্ধব শিল্প উদ্যোগে অবদানের স্বীকৃতি হিসেবে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলায় বর্ষসেরা গ্রিন এসএমই বিজনেস পুরস্কার পেয়েছেন তিনি। গতকাল রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তার হাতে এই পুরস্কার তুলে দেন। তিনিসহ মোট ৮ জন উদ্যোক্তা ও প্রতিষ্ঠানকে বিভিন্ন ক্যাটাগরিতে এই পুরস্কার প্রদান করা হয়। সীতাকুণ্ড উপজেলায় প্রায় ২ লাখ বর্গফুট জায়গায় পাঁচ বছর ধরে চলছে হামিদ হাসান আলভির প্রতিষ্ঠিত পলিইকো রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কার্যক্রম। এখানে ব্যবহৃত পিইটি প্লাস্টিক বোতল হট–ওয়াশ প্রক্রিয়ায় পরিষ্কার করে উচ্চ মানের রিসাইকেলড পিইটি (আরপিইটি) ফ্লেক্স তৈরি করা হচ্ছে। ইউরোপে প্যাকেজিং, শিট ও অন্যান্য পণ্যের কাঁচামাল হিসেবে তা ব্যবহৃত হয়। পলিইকো রিসাইক্লিংয়ের বার্ষিক উৎপাদন সক্ষমতা প্রায় ১৪,৪০০ মেট্রিক টন। এই কারখানায় কাজ করছেন শতাধিক কর্মকর্তা–কর্মচারী। ইতিমধ্যে তার প্রতিষ্ঠান অর্জন করেছে ইউরোপের প্লাস্টিক রিসাইক্লিং আন্তর্জাতিক মান সনদ। এখানে ব্যবহার করা হচ্ছে ২৪০ কিলোওয়াট পিক রুফটপ সোলার, ধোয়ার পানি শোধন করে বারবার ব্যবহারে ব্যবহৃত হচ্ছে ক্লোজড–লুপ পানি ব্যবস্থাপনা। বায়োমাস জ্বালানি হিসাবে বয়লার চলছে তুষের লাকড়িতে। প্রতিটি পদক্ষেপে পরিবেশবান্ধব প্রক্রিয়া নিশ্চিত করা হচ্ছে এই কারখানায়। হামিদ হাসান আলভি চট্টগ্রাম প্রকৗশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) থেকে তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশলে স্নাতক। তার বাড়ি আনোয়ারা উপজেলার ডুমুরিয়া গ্রামে। পুরস্কার পাওয়ার পর তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে জাতীয় পুরস্কার গ্রহণ আমার জীবনের বড় সাফল্যগুলোর একটি। প্লাস্টিক বোতল মানুষ বর্জ্য হিসাবে ফেলে দেয়। তা দিয়ে আমি বিশ্বমানের পণ্য তৈরি করতে চেয়েছি। এই অর্জন তার প্রতিষ্ঠানে কর্মরত সকল কর্মী এবং মাঠ থেকে বোতল কুড়িয়ে আনা শ্রমিকদের উৎসর্গ করেন তিনি।

তিনি বলেন, ইউরোপে প্যাকেজিংয়ে রিসাইকেলড উপাদান ব্যবহার বাধ্যতামূলক হচ্ছে। সবুজ অর্থায়ন ও বর্জ্য সংগ্রহ ব্যবস্থায় নীতি সহায়তা পেলে রিসাইক্লিং দেশের সম্ভাবনাময় রপ্তানি খাত হয়ে উঠতে পারে।

পূর্ববর্তী নিবন্ধইন্দোনেশিয়ায় মোংলামুখী জাহাজ থেকে ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট জব্দ
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা