লোহাগাড়ায় অবৈধভাবে মাটি কাটা ও পরিবহনের অভিযোগে গভীর রাতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় তিনটি মাটিভর্তি ডাম্পট্রাক জব্দ করা হয়েছে। একই রাতে পৃথক অভিযানে আরও একটি ডাম্পট্রাক জব্দ করেছে পুলিশ।
গত শুক্রবার দিনগত গভীর রাতে উপজেলার কলাউজান ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তেইল্লা পুকুরপাড় এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বায়েজীদ বিন আখন্দের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। জানা যায়, অবৈধভাবে মাটি কাটার সময় স্থানীয়রা প্রথমে মাটিভর্তি চারটি ডাম্পট্রাক আটকে দেন। পরে বিষয়টি উপজেলা ও থানা প্রশাসনকে জানানো হয়। তবে মাটি কাটার সঙ্গে জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে উপজেলা প্রশাসন তিনটি ডাম্পট্রাক জব্দ করে। পুলিশের অভিযানে জব্দ করা অপর ডাম্পট্রাকটি থানা হেফাজতে রয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, অবৈধভাবে মাটি কাটা ও পরিবেশের ক্ষতিসাধনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। স্থানীয়দের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনটি মাটিভর্তি ডাম্পট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।











