কে ডি প্রভাতী বার্ষিক অভ্যন্তরীণ ফুটবলে জয় পেয়েছে কে ডি মুক্তিযোদ্ধা। গতকাল সকালে সিজেকেএস প্রশিক্ষণ মাঠে অনুষ্ঠিত খেলায় তারা টাইব্রেকারে ২–১ গোলে কে ডি ব্রাদার্সকে হারায়। এ জয়ের ফলে কে ডি মুক্তিযোদ্ধা ৪ খেলায় ৬ পয়েন্ট পেয়ে এককভাবে তালিকার শীর্ষে অবস্থান করছে। কে ডি ব্রাদার্স ৩ খেলায় ৪ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানে রয়েছে। সমসংখ্যক খেলায় মোহামেডান ৫ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। অন্যদিকে আবাহনী ও রাইজিং স্টার ২ খেলায় ৩ পয়েন্ট পেয়ে যৌথভাবে চতুর্থ স্থানে অবস্থান করছে। গতকাল নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র ছিল। টাইব্রেকারে মুক্তিযোদ্ধার জসিম ও ফরিদ গোল করেন। অন্যদিকে ব্রাদার্সের মহিউদ্দিন গোল করলেও নিউটন ও প্রবাল ব্যর্থ হন। মুক্তিযোদ্ধার জসিম সেরা খেলোয়াড় মনোনীত হন। খেলা শেষে তার হাতে পুরস্কার তুলে দেন কে ডি প্রভাতী ক্লাবের সিনিয়র উপদেষ্টা সাবেক ফুটবলার ও সাংবাদিক দেবাশীষ বড়ুয়া দেবু। এ সময় ক্লাবের সভাপতি বিজয় বড়ুয়া বাপ্পা, সিনিয়র সহ–সভাপতি এডভোকেট তাপস চক্রবর্ত্তী, সাধারণ সম্পাদক সুধীর দে, অতিরিক্ত সাধারণ সম্পাদক মো. পারভেজ কবির, কোষাধ্যক্ষ জাবেদ, ক্রীড়া সম্পাদক নেপাল বড়ুয়া, সদস্য মোহাম্মদ হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আজ রোববার সকাল ৬টায় একমাত্র খেলায় কে ডি আবাহনী ও কে ডি রাইজিং স্টার মুখোমুখি হবে।










