আকবর ৭ গ্রুপ একাডেমি কাপ ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে বেসিক ক্রিকেট একাডেমি এবং কোয়ালিটি ক্রিকেট একাডেমি। গতকাল ২৮ নভেম্বর বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত তৃতীয় কোয়ার্টার ফাইনাল খেলায় বেসিক ক্রিকেট একাডেমি ১৭ রানের ব্যবধানে সিএস ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। অন্যদিকে চতুর্থ কোয়ার্টার ফাইনাল খেলায় কোয়ালিটি ক্রিকেট একাডেমি ১ উইকেটের ব্যবধানে ব্রাদার্স ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। বেসিক এবং কোয়ালিটি আগামীকাল ৩০ নভেম্বর দুপুর ১২.৩০টায় দ্বিতীয় সেমিফাইনাল খেলায় পরস্পরের মুখোমুখি হবে। গতকাল ৩য় কোয়ার্টার ফাইনালে টসে জিতে ফিল্ডিং করতে নামে সিএস ক্রিকেট একাডেমি। আর প্রথমে ব্যাট করতে নেমে বেসিক ক্রিকেট একাডেমি নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে অধিনায়ক শেখ রিয়েল করিম ৩৩, ইসরাজুর রহমান রাফসি ৩৩, নুরুল মোস্তফা ২০ এবং ওমর ফারুক রাতুল ১৫ রান করেন। সিএস ক্রিকেট একাডেমির সাকিব হোসেন, তামিনুল ইসলাম এবং আতিকুল ইসলাম আনিক প্রত্যেকে ২টি করে উইকেট লাভ করেন। জবাবে সিএস ক্রিকেট একাডেমি নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১০২ রান করতে সমর্থ হয়। দলের পক্ষে শাকিব হোসেন রাব্বি অপরাজিত ৩৭, অধিনায়ক মাহির আনোয়ার ২৩, তামিনুল ইসলাম ফয়সাল ১১ রান করেন। বেসিক ক্রিকেট একাডেমির বোলার আহনাফ আহমেদ আলিফ ৪ ওভারে ৭ রান দিয়ে ৪টি উইকেট দখল করে। এবং ইসরাক মাহমুদ নিহাদ পান ২টি উইকেট। ম্যাচসেরা হন বিজয়ী দলের আহনাফ আহমেদ আলিফ। তার হাতে পুরস্কার তুলে দেন টুর্নামেন্ট কমিটির সদস্য জাকির হোসেন স্মরণ।

৪র্থ কোয়ার্টার ফাইনাল খেলায় টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে ব্রাদার্স ক্রিকেট একাডেমি। তারা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে আব্দুল্লাহ আল ফাহিম ২১,অধিনায়ক আরশাদুল হক আয়ান ১৫,আমাজ উদ্দিন ১১ রান, ফারহান ইশরাক অপরাজিত ১০ রান করেন।
কোয়ালিটি ক্রিকেট একাডেমির জুনায়েদ বিন মোস্তফা এবং এরশাদ হোসেন ২টি করে উইকেট নেন। আব্দুল্লাহ আল সায়েদ পান ১টি উইকেট। ১১৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কোয়ালিটি ক্রিকেট একাডেমি ১৬.২ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১৮ রান তুলে জয় নিশ্চিত করে। দলের পক্ষে এরশাদ হোসেন তামিম ২৪, মো. সোহেল অপরাজিত ২০, আশরাফুল ইসলাম শাকিল ১৫, আজমাইন ১৪, ইহতিশাম মো. সাজিদ ১১ এবং আব্দুল্লাহ আল সায়েদ ১০ রান করেন। ব্রাদার্স ক্রিকেট একাডেমির মো. হাসান ১৯ রান দিয়ে ৩টি উইকেট লাভ করেন। এছাড়া ফায়রিব হুমায়ুন আহন এবং আরশাদুল হক আয়ান ২টি করে উইকেট নেন। ম্যাচসেরা কোয়ালিটি ক্রিকেট একাডেমির মো. সোহেলের হাতে পুরস্কার তুলে দেন সাবেক খেলোয়াড় মো. মনিরুজ্জামান। আজ ২৯ নভেম্বর দুপুর ১২.৩০টায় ১ম সেমিফাইনাল খেলায় অংশ নেবে জুনিয়র ক্রিকেট ট্রেনিং একাডেমি এবং সানরাইজ ক্রিকেট একাডেমি।









